নিজে ব্যবহারোপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন: কতদিন পরপর নিতে হবে, খরচ কত?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাজারে এলো নতুন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন।এটি নারীরা নিজেই নিজের শরীরে পুশ করতে পারবেন।
রোজ জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ইনজেকশন নেওয়ার প্রচলিত পদ্ধতির বাইরে এই ইনজেকশন ব্যবহারের অনেক সুবিধা।
‘মেডোজেন সাবকিউ’ নামের এই ওষুধ একবার নিলে তিন থেকে সাড়ে তিনমাস নিরাপদ। ইনজেকশনটি বাজারে এনেছে ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’।
ইনসেপ্টার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের এটিই বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। একই সঙ্গে ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের এটিই প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন।
প্রতি তিন মাসে একবার বা ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে ত্বকের নিচে এই ইনজেকশন নিতে হয়। এতে ঘনঘন স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় না। ফলে নারীরা সহজে ও সুবিধাজনকভাবে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারবেন বলে প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতি ডোজ ইনজেকশনের দাম ৫৫০ টাকা। প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এ পদ্ধতিতে ব্যয় ৫.৫২ গুণ কম।
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে হবে। নারীরা সাধারণত এমন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চান, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক, প্রয়োজনে বন্ধ করা যায় এবং নিজেরাই প্রয়োগ করতে পারেন।
