Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

Icon

বাসস

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

Advertisement

দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে দুটি সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৮ম সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান।

তিনি বলেন, আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫৩২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ১০০ শয্যার একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হলেও পরবর্তী সময়ে এতে বিশেষায়িত হৃদরোগ ও কিডনি চিকিৎসা সুবিধা, অতিরিক্ত শয্যা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়।

তিনি জানান, সরকার ২০১৯ সালে প্রকল্পটি গ্রহণ করলেও ২০২৩-২৪ সালের দিকে এর বাস্তবায়ন কার্যক্রম গতি পায়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং এ রোগে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতাল বছরে প্রায় ৪০ হাজার রোগীকে সেবা দিতে পারে। ফলে রোগীদের হাসপাতালের শয্যা ও চিকিৎসা পেতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।

তিনি বলেন, সম্প্রসারিত চিকিৎসাসুবিধা চালু হলে বিদ্যমান হাসপাতালগুলোর ওপর চাপ কমবে এবং ঢাকার বাইরে থাকা মানুষও নিজ নিজ অঞ্চলে বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিয়েছে।

সাকি বলেন, ‘দামি চিকিৎসা সরঞ্জাম স্থাপনের আগে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য দক্ষ জনবলের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অন্যথায় এসব সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকতে পারে এবং মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হবে।’

তিনি জানান, প্রধানমন্ত্রী প্রকল্পের শুরুতেই প্রয়োজনীয় জনবলের অনুমোদন নিশ্চিত করা এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণের একটি সংশোধিত প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্পের ব্যয় ২ হাজার ১০৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯৭১ কোটি ৬৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাকি বলেন, সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি লিভার প্রতিস্থাপন ইউনিট স্থাপন করা হবে।

তিনি বলেন, ‘আমাদের সাতজন চিকিৎসক ইতোমধ্যে পাঁচটি দেশে লিভার প্রতিস্থাপনের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশি অংশীদারদের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে অভিজ্ঞ বিদেশি সার্জনরা অস্ত্রোপচার করবেন এবং আমাদের প্রশিক্ষিত চিকিৎসকরা তাঁদের সহযোগিতা করবেন। পরবর্তী সময়ে আমাদের চিকিৎসকরাই এ অস্ত্রোপচার পরিচালনা করবেন।’

তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় লিভার প্রতিস্থাপনের সুযোগ তৈরি করতে পারবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতালের কার্যক্রম সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, চিকিৎসা শিক্ষার জন্য হাতে-কলমে ক্লিনিক্যাল প্রশিক্ষণ অপরিহার্য।

দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে স্বাস্থ্যশিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণ খাতে বিনিয়োগকেও সরকার অগ্রাধিকার দেবে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রাজধানীতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ

রাজধানীতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২ শর্ত

কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২ শর্ত

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

আরও পড়ুন

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বৃহস্পতিবার

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বৃহস্পতিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম