এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে ভারতীয় রুপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হার ঊর্ধ্বমুখী হওয়ায় চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা রুপি। ডলারের বিপরীতে দর কমে মুদ্রাটি গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময়মূল্য দাঁড়ায় ৯৪ দশমিক ১৫৭৫। আগের কার্যদিবসের তুলনায় মুদ্রাটির দর কমেছে ০ দশমিক ১ শতাংশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফাও বৃদ্ধি পেয়েছে। এতে ভারতের শেয়ার ও বন্ডবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীদের একাংশ। শুক্রবার ভারতের বেঞ্চমার্ক বন্ডের মুনাফার হার বেড়েছে ৭ বেসিস পয়েন্ট। একই দিনে দেশটির প্রধান শেয়ারবাজার সূচক নিফটি ৫০-এর পতন হয়েছে ০ দশমিক ২ শতাংশ।
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের উত্তেজনা কমার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলোতে তা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোয় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনকারী ট্যাংকারে আক্রমণের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
শুক্রবার এশিয়ার বাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৪ ডলারে পৌঁছেছে। এর আগের কার্যদিবসেই জ্বালানি পণ্যটির দাম বেড়েছিল ৩ শতাংশ।
তবে চলতি সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত রাখায় রুপির দরপতন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্যকে ভারতের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন মুদ্রাবাজার সংশ্লিষ্টরা।
ভারত তার মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দীর্ঘ সময় বেশি থাকলে দেশটির আমদানি ব্যয় বাড়বে। এর প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স

