Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। আগামী সপ্তাহের শুরুতে স্বল্পমেয়াদি স্থিতিশীলতার পর আবারও কমতে পারে মূল্যবান এই ধাতুর দাম। তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ এবং ফেডারেল রিজার্ভের সুদের নীতির ওপর নির্ভর করবে সোনার পরবর্তী গতিপথ।

বাজার বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান লাইটফাইন্যান্সের ২০ নভেম্বর প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, নভেম্বরের বাকি সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৯২ থেকে ৪ হাজার ৩৭৩ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। মাস শেষে গড় দাম ৩ হাজার ৫৮২ ডলারের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৩ নভেম্বর সোনার দাম কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩ হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলার। গড় দাম হতে পারে ৩ হাজার ৫৫৮ দশমিক ৬২ ডলার এবং সর্বোচ্চ দাম ৩ হাজার ৭২৯ দশমিক ৮২ ডলার।

আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহজুড়েও সোনার বাজারে ওঠানামা থাকতে পারে। এ সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২৪৯ দশমিক ১৭ থেকে ৪ হাজার ৭ দশমিক ৮৩ ডলারের মধ্যে থাকতে পারে। সপ্তাহের গড় দাম ৩ হাজার ৬২৮ দশমিক ৫০ ডলার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে

লাইটফাইন্যান্সের বিশ্লেষণে বলা হয়েছে, চার ঘণ্টার চার্টে সোনার দামে নিম্নমুখী প্রবণতার সংকেত পাওয়া যাচ্ছে। সেখানে ‘থ্রি ব্ল্যাক ক্রো’ নামে পরিচিত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যা সাধারণত দরপতনের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়।

এ ছাড়া এমএসিডি সূচক নেতিবাচক অবস্থানে রয়েছে। বাজারদরের ওপরে অবস্থান করছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস (ভিডব্লিউএপি) এবং ২০ দিনের সরল চলমান গড় (এসএমএ)। এসব সূচক বাজারে বিক্রির চাপ থাকার ইঙ্গিত দিচ্ছে।


তবে আপেক্ষিক শক্তি সূচক বা আরএসআই ১৬-তে অবস্থান করছে, যা অতিবিক্রীত পরিস্থিতি নির্দেশ করে। এ অবস্থায় স্বল্পমেয়াদে সোনার দামে সাময়িক ঊর্ধ্বমুখী সংশোধন দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থাৎ সামগ্রিক প্রবণতা নিম্নমুখী হলেও মাঝেমধ্যে দাম বাড়ার সুযোগ রয়েছে।

প্রতিবেদনে সোনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সমর্থন ও প্রতিরোধমূলক মূল্যস্তরও উল্লেখ করা হয়েছে। সমর্থনমূলক স্তরগুলোর মধ্যে রয়েছে ৩ হাজার ৫১১ দশমিক ৭৯, ৩ হাজার ৪৪৮ দশমিক ৫৬ এবং ৩ হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলার। অন্যদিকে প্রতিরোধমূলক স্তর হিসেবে ৩ হাজার ৫৮০ দশমিক ৭৫, ৩ হাজার ৬৪৩ দশমিক ২৪ এবং ৩ হাজার ৭২৯ দশমিক ৮২ ডলারকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।

বিশ্লেষকদের মূল পূর্বাভাস অনুযায়ী, উচ্চ লেনদেনের মধ্যে দাম ৩ হাজার ৫১১ দশমিক ৭৯ ডলারের নিচে নেমে গেলে স্বর্ণের দর আরও কমতে পারে। বিপরীতে ৩ হাজার ৫৮০ দশমিক ৭৫ ডলারের ওপরে শক্ত অবস্থান তৈরি হলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েক সপ্তাহে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য, ডলারের অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গত ২৮ অক্টোবরের বৈঠকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছিল। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানো হবে, নাকি বর্তমান অবস্থায় রাখা হবে— তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। লাইটফাইন্যান্সের প্রতিবেদনে সিএমই গ্রুপের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ডিসেম্বরে সুদের হার বাড়িয়ে ৪ থেকে ৪ দশমিক ২৫ শতাংশ করার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বা বাড়ার সম্ভাবনা তৈরি হলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যেতে পারে। একই সঙ্গে ডলারের মূল্য এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।

মধ্যপ্রাচ্যের সংঘাতও স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে। তবে সংঘাত বাড়লেই স্বর্ণের দাম বাড়বে— এমন নিশ্চয়তা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ, তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে গেলে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়তে পারে। এতে ডলার ও বন্ডের মুনাফা শক্তিশালী হয়ে স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বাজারে দরপতনের মাত্রা সীমিত রাখতে পারে। সুকডেন ফাইন্যান্সিয়ালের তথ্য অনুযায়ী, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না সেপ্টেম্বর মাসে তাদের স্বর্ণের মজুত ২৩ টন বাড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা ২৩ মাস ধরে স্বর্ণ কেনার ধারাবাহিকতা বজায় রেখেছে দেশটি। স্বর্ণের দাম কমলেও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে বিনিয়োগের পরিমাণও তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে।

নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হবে। ২৩ নভেম্বর প্রকাশিত হবে উৎপাদন ও সেবা খাতের প্রাথমিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)। পরদিন ২৪ নভেম্বর প্রকাশিত হবে ভোক্তা আস্থা সূচক।

২৫ নভেম্বর প্রকাশের কথা রয়েছে অক্টোবরের মূল ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচক, তৃতীয় প্রান্তিকের প্রাথমিক জিডিপি তথ্য এবং বেকারভাতার প্রাথমিক আবেদনসংক্রান্ত পরিসংখ্যান। একই সময়ে ফেডারেল রিজার্ভের বেইজ বুকও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এসব তথ্য যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারের অবস্থা সম্পর্কে ধারণা দেবে। ফলে বিনিয়োগকারীরা ফেডের ভবিষ্যৎ সুদের নীতি সম্পর্কে নতুন সংকেত পেতে পারেন। আর এসব সংকেতের ওপর নির্ভর করেই স্বর্ণের বাজারে নতুন করে কেনাবেচার প্রবণতা তৈরি হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

আজ কত দামে মিলছে ২২ ক্যারেটের স্বর্ণ?

আজ কত দামে মিলছে ২২ ক্যারেটের স্বর্ণ?

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে

আজ কত দামে মিলছে ২২ ক্যারেটের স্বর্ণ?

আজ কত দামে মিলছে ২২ ক্যারেটের স্বর্ণ?

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম