Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

দুর্বল ডলারের কারণে বিনিয়োগকারীরা নগদ অর্থের বদলে স্বর্ণে ঝুঁকেছিলেন। ছবি: সংগৃহীত

Advertisement

গত এক বছরে স্বর্ণের বাজারের অস্থিরতায় মূল্যবান ধাতুটিতে বিনিয়োগকারীরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। ২০২৫ সালে ৫৩ বার নতুন রেকর্ড গড়ার পর, চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। তখন এ মূল্যবান ধাতুর দাম ৫ হাজার ৫৮৯.৩৮ ডলারে পৌঁছায়। কিন্তু এর পরপরই শুরু হয় বড় ধরনের পতন। বুধবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩,৮০০ ডলারের নিচে নেমে আসে, যা সর্বোচ্চ দামের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম।

লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্য গবেষণা প্রধান সুকি কুপারের মতে, বছরের শুরুতে একাধিক কারণের সমন্বয়ে স্বর্ণের দাম আকাশচুম্বী হয়েছিল; এখন ভিন্ন কিছু কারণে দাম কমছে। তিনি বলেন, স্বর্ণ পণ্য বা মুদ্রা—যেকোনো ভূমিকাতেই আচরণ করতে পারে। বর্তমানে ‘মুদ্রা’ হিসেবে এর ভূমিকার কারণেই দাম কমছে।

কুপার জানান, ২০২২ সালে প্রবল চাহিদার কারণে স্বর্ণের দাম বাড়তে শুরু করে। ২০২৫ সালের শুরু পর্যন্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা বিশেষ করে গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছিলেন। তবে গত বছর চিত্র পাল্টে যায়; এসপিডিআর গোল্ড শেয়ারসের নেতৃত্বে ইটিএফ-এ স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বাড়ে এবং বছর শেষে তা ৪,০০০ টন ছাড়িয়ে যায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে, ২০২৫ সালে বৈশ্বিক গোল্ড ইটিএফ-এ ইতিহাসের সর্বোচ্চ ৮৯ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে, যার ফলে মোট সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়ে ৫৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

নর্থ ক্যারোলাইনার স্কলার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজিংয়ের আর্থিক উপদেষ্টা ইভান মিলস বলেন, কম সুদের হার ও দুর্বল ডলারের কারণে বিনিয়োগকারীরা নগদ অর্থের বদলে স্বর্ণে ঝুঁকেছিলেন। কিন্তু জানুয়ারির পর পরিস্থিতি বদলে যায়।

সুকি কুপার উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর স্বর্ণ নিরাপদ বিনিয়োগ মাধ্যম (সেফ হ্যাভেন) না থেকে নগদ অর্থ সংগ্রহের মাধ্যমে পরিণত হয়। বিনিয়োগকারীরা নগদ টাকার প্রয়োজনে দ্রুত স্বর্ণ বিক্রি শুরু করলে প্রথম ধসের সূত্রপাত হয়। এরপর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর ইঙ্গিত বাজারে বড় প্রভাব ফেলে। চলতি সপ্তাহে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বাজারকে চমকে দিতে ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। ইভান মিলস বলেন, “ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা এবং শক্তিশালী ডলারের কারণে সুদবিহীন স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় (অপরচুনিটি কস্ট) এখন অনেক বেশি। মানি মার্কেট ফান্ডগুলো বর্তমানে ৪% থেকে ৫% মুনাফা দিচ্ছে, যা স্বর্ণের তুলনায় অনেক আকর্ষণীয়।” একই কারণে রুপার দামও রেকর্ড উচ্চতা থেকে ব্যাপকভাবে কমেছে।

বিনিয়োগকারীদের কেন সতর্ক থাকা উচিত?

ইভান মিলসের মতে, ২০% থেকে ৩০% মুনাফার অতি-উচ্চ প্রত্যাশা থাকায় দাম কমতেই বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। তিনি বলেন, “স্বর্ণ পোর্টফোলিওর প্রবৃদ্ধির ইঞ্জিন নয়, এটি একটি বিমা বা সুরক্ষা কবচ। দাম যখন আকাশচুম্বী, তখন এই বিমা কেনাটাই ছিল ভুল।” যারা দীর্ঘমেয়াদী সুরক্ষা হিসেবে জানুয়ারির সর্বোচ্চ দামে অল্প পরিমাণে স্বর্ণ কিনেছেন, তাদের চিন্তার কিছু নেই। কারণ ডলার দুর্বল হলে বা ভূ-রাজনৈতিক অস্থিরতা বাড়লে স্বর্ণ আবারও ভালো করবে।

তবে অনেক বিশেষজ্ঞ এখনো দীর্ঘমেয়াদে স্বর্ণ নিয়ে আশাবাদী। মর্গান স্ট্যানলির ধাতু ও খনি কৌশল প্রধান অ্যামি গাওয়ার বলেন, চলতি বছরের দরপতন সত্ত্বেও স্বর্ণ ধরে রাখার যথেষ্ট কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের টাঁকশালের (ইউএস মিন্ট) সাবেক পরিচালক ফিলিপ ডিল বলেন, পারস্য উপসাগরের যুদ্ধ ও মার্কিন বাণিজ্য নীতির আকস্মিক পরিবর্তনের কারণে স্বর্ণের বাজার সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তবে দুই সপ্তাহ আগে মার্কিন ভোটাররা যুদ্ধ বন্ধের পক্ষে রায় দেওয়ায় ২০২৭ সালে তেলের দাম স্বাভাবিক হলে ও সুদের হার স্থিতিশীল হলে স্বর্ণ আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে বলে তিনি আশাবাদী।

কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় ও বাজারের ভবিষ্যৎ

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলো সর্বোচ্চ পরিমাণে স্বর্ণ কিনেছে, যদিও সামগ্রিক ক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ৭% কম। ব্যানকবার্ন ক্যাপিটাল মার্কেটসের প্রধান বাজার কৌশলবিদ মার্ক চ্যান্ডলার জানান, শুধু চীন নয়, ন্যাটো সদস্য পোল্যান্ডও এ বছর স্বর্ণের বড় ক্রেতা ছিল।

চ্যান্ডলারের মতে, উচ্চ সুদের হারের কারণে বিটকয়েন ও স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ আকর্ষণ হারিয়েছে এবং সাধারণ খুচরা বিনিয়োগকারীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে গেছে। তিনি সতর্ক করে বলেন, চার্টে এখনো দাম ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই এবং এটি ৩,৫০০ থেকে ৩,৬০০ ডলার পর্যন্ত নামতে পারে। তিনি উল্লেখ করেন, গত দুই বছরের তুলনায় দাম কম মনে হলেও, স্বর্ণের ১০ বছরের গড় দাম ২,১২৭ ডলার এবং ২০ বছরের গড় দাম ১,৬৬৬ ডলারের তুলনায় বর্তমান দাম এখনো অনেক বেশি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

২২ নাকি ১৮ ক্যারেট, কোন স্বর্ণের গয়না কেনা ভালো?

২২ নাকি ১৮ ক্যারেট, কোন স্বর্ণের গয়না কেনা ভালো?

আরও পড়ুন

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম