Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

Advertisement

ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী, সংসদ-সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালক হওয়া বন্ধ করার পাশাপাশি এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। 

পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার পরিকল্পনাও রয়েছে।

ব্যাংকের মালিকানা ও পরিচালনায় প্রভাবশালী ব্যক্তি ও পরিবারের আধিপত্য কমানো, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে তৈরি খসড়াটি চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা রয়েছে। এরপর অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। 

ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপি

মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ-সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও নিয়োগ পেতে পারবেন না। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব ও স্বার্থের সংঘাত কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবারের সদস্যসংখ্যা সর্বোচ্চ তিনজন থেকে কমিয়ে দুজন করার প্রস্তাব করা হয়েছে। একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজনের পরিবর্তে একজন করা হচ্ছে। ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক আধিপত্য কমানোই এ উদ্যোগের লক্ষ্য।

পরিচালকদের মেয়াদ কমছে ১২ থেকে ৬ বছর

ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ছয় বছর দায়িত্ব পালন শেষে পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এতে দীর্ঘদিন একই ব্যক্তির ব্যাংক পরিচালনায় প্রভাব বিস্তার রোধ করা যাবে।

বাড়ানো হচ্ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা

ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে।

পরিচালক পদ ছাড়লেও ঋণ পরিশোধ করতে হবে

ব্যাংকের পরিচালক পদ ছেড়ে দিলেও সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। ঋণ পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত দেখানোর সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ, পদ হারিয়ে ঋণ পরিশোধের দায় এড়ানোর সুযোগ থাকছে না।

পর্ষদ সভায় অনুপস্থিতির বিষয়ে বিধিনিষেধ

কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। এর বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার দেওয়া যাবে। পরিচালকদের নিয়মিত দায়িত্ব পালনে জবাবদিহি বাড়াতে এ বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

পর্ষদ বাতিল ও পুনর্গঠনে ক্ষমতা বাড়ছে বাংলাদেশ ব্যাংকের

আমানতকারীদের স্বার্থের পরিপন্থি কাজ করলে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন প্রস্তাবে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদের মেয়াদ কমানো বা বাড়ানোর ক্ষমতাও পাবে। তবে নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কৌশলগত বিনিয়োগকারীদের শেয়ার কেনার সীমায় ছাড়

ব্যাংকে কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। 

নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা রয়েছে। তবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ সীমা বহাল থাকবে।

ব্যাংকের সংঘবিধি পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

ব্যাংকের সংঘবিধি বা পরিচালনাসংক্রান্ত মৌলিক নিয়ম পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি সনদ ছাড়া কোনো ব্যাংক কোম্পানির সংঘবিধি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

জরিমানার বিধানেও পরিবর্তন

প্রয়োজনীয় হিসাব, বিবরণী বা তথ্য দিতে ব্যর্থ হলে কিংবা বাংলাদেশ ব্যাংকের আদেশ লঙ্ঘন করলে জরিমানার বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে জরিমানা ২০ হাজার থেকে ৫ লাখ টাকা। নতুন প্রস্তাবে সর্বনিম্ন জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। সর্বোচ্চ ৫ লাখ টাকা অপরিবর্তিত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

গ্রাহকদের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক

গ্রাহকদের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

আরও পড়ুন

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম