Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

বিশ্ববাজারে স্বর্ণের দাম মূলত সিন্থেটিক ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দাম মূলত সিন্থেটিক ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়। ব্যক্তি বা কেন্দ্রীয় ব্যাংকের চাহিদার সঙ্গে স্বর্ণের দামের ওঠানামার কোনো সম্পর্ক নেই।  প্রতিদিন অর্ধ ট্রিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলারের স্বর্ণ লেনদেন হয়। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা দীর্ঘমেয়াদে এই ধাতুর বাজারকে চাঙা রাখলেও চলতি বছর তা কিছুটা মন্থর হয়েছে। 

গত ২৩ অক্টোবর, জুলাইয়ের পর প্রথমবারের মতো এই মূল্যবান ধাতুর দাম প্রতি আউন্স ৪,০০০ মার্কিন ডলারের নিচে নেমে আসে। পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়ালেও বর্তমানে তা প্রায় ৪,০৩০ ডলারের আশেপাশে লেনদেন হচ্ছে। গত এক মাসে স্বর্ণের দাম কমেছে ৩.৬ শতাংশ এবং ইরান যুদ্ধের আগে গত ২৮ জানুয়ারি গড়া ৫,৫৯৫ ডলারের রেকর্ড মূল্যের উচ্চতা থেকে এটি এখন ২৮ শতাংশ নিচে অবস্থান করছে। উল্লেখ্য, ২০২৫ সালে ৬৪ শতাংশ উত্থানের পর স্বর্ণ ওই রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।

স্বর্ণের দামের এই সাম্প্রতিক পতনের মূল কারণ যুক্তরাষ্ট্রের বন্ড মার্কেট। চলতি সপ্তাহের বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) তাদের মূল সুদের হার (ফেডারেল ফান্ডস রেট) ৩.৭৫-৪.০০ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে সুদের হার স্থির রাখার পর গত সেপ্টেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তা এক-চতুর্থাংশ শতাংশ (০.২৫%) বাড়িয়েছিল।

মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েল লিখেছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)এবার সুদের হার না বাড়ালেও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের কার্যযক্রম এখনো শেষ হয়নি। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তী বছর পর্যন্ত ফেড আরও তিন দফায় মোট ০.৭৫ শতাংশ সুদের হার বাড়াতে পারে।

টি. রো প্রাইসের কমোডিটি প্রধান রিক ডি লস রেয়েস মনে করেন, উচ্চ সুদের হারই স্বর্ণের দরপতনের প্রধান কারণ। তার মতে, স্বর্ণ মূলত প্রচলিত মুদ্রার বিপরীত আচরণ করে। যখন প্রকৃত সুদের হার বাড়ে, তখন স্বর্ণের তুলনায় ডলারের মান বেশি শক্তিশালী হয়। 

তিনি বিনিয়োগকারীদের স্মরণ করিয়ে দেন যে, স্বর্ণ সম্পদের মূল্য ধরে রাখলেও এর বিপরীতে কোনো সুদ পাওয়া যায় না।

ক্রেডিট মিউচুয়াল এএম-এর পোর্টফোলিও ম্যানেজার শার্লট পিউরন এই প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, দীর্ঘমেয়াদী ট্রেজারি ইল্ড মূল্যস্ফীতির প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে, যা প্রকৃত সুদের হারকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে। পাশাপাশি ডলারের অস্থিরতা স্বর্ণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। 

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংঘাত, জ্বালানির দাম এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কারণে আগামী কয়েক মাস বাজারে এই অস্থিরতা বজায় থাকবে বলে তিনি আশঙ্কা করছেন। 

জুপিটার গোল্ড অ্যান্ড সিলভার ফান্ডের পরিচালক নেড নেইলর-লেল্যান্ডও একই মত পোষণ করে জানান, স্বল্পমেয়াদী প্রকৃত সুদের হার বাড়ায় হেজ ফান্ড ও ট্রেডাররা তাদের বিনিয়োগ তুলে নিয়েছেন।

ফান্ড ফ্লো বা তহবিল প্রবাহের তথ্য বলছে, চলতি বছর স্বর্ণের বাজার চরম অস্থিরতার মধ্য দিয়ে গেছে। মর্নিংস্টারের তথ্য অনুযায়ী:

• জানুয়ারি ও মার্চ: জানুয়ারিতে বৈশ্বিক গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নিট ৮.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ এলেও মার্চে ১২.৭ বিলিয়ন ডলার তুলে নেওয়া হয়, যা ২০২৬ সালের সর্বোচ্চ মাসিক উত্তোলন। সব মিলিয়ে বছরের প্রথমার্ধে নিট ৪ বিলিয়ন ডলারের বহির্গমন ঘটে।

• আগস্ট ও সেপ্টেম্বর: আগস্টে আর্থিক উদ্বেগ বাড়ায় এবং মার্কিন ট্রেজারি বিভাগের ১৯ আগস্টের হস্তক্ষেপের (দীর্ঘমেয়াদী বন্ড ক্রয় দ্বিগুণ করার ঘোষণা) পর ডলারের অবমূল্যায়নের শঙ্কায় গোল্ড ইটিএফ-এ রেকর্ড ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে। এরপর সেপ্টেম্বরে এক বিরল ঘটনা ঘটে—স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমলেও এবং ফেড সুদের হার বাড়ালেও ইটিএফ বিনিয়োগকারীরা আরও ৬.৮ বিলিয়ন ডলার যোগ করেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এই ঘটনাকে 'অত্যন্ত অস্বাভাবিক' বলে অভিহিত করেছে। সেপ্টেম্বরে বৈশ্বিক ইটিএফ হোল্ডিংস ৭০ টনের বেশি বাড়লেও ফিউচার মার্কেটে বড় ধরনের বিক্রির চাপে স্বর্ণের দাম কমে যায়।

অন্যদিকে, সরাসরি স্বর্ণের চাহিদাতেও ভাটা পড়েছে। ডব্লিউজিসির তথ্যানুযায়ী, উচ্চমূল্যের কারণে দ্বিতীয় প্রান্তিকে গয়নার চাহিদা মহামারির পর সর্বনিম্ন পর্যায়ে (২৭৮ টন) নেমে এসেছে, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ কম। ভারতে এই চাহিদা কমেছে ৬ শতাংশ। ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন।

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা দীর্ঘমেয়াদে এই ধাতুর বাজারকে চাঙা রাখলেও চলতি বছর তা কিছুটা মন্থর হয়েছে। ডব্লিউজিসির তথ্যমতে, তুরস্ক, রাশিয়া ও আজারবাইজানের ব্যাপক বিক্রির কারণে বছরের প্রথমার্ধে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলো মাত্র ৩৪৫ টন স্বর্ণ কিনেছে, যা ২০২২ সালের পর সর্বনিম্ন। তবে আগস্টে চীন, উজবেকিস্তান ও পোল্যান্ডের নেতৃত্বে ৩৯ টন স্বর্ণ কেনা হয়েছে।

ডব্লিউজিসির ২০২৬ সালের জরিপে অংশ নেওয়া ৭৬টি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ৮৯ শতাংশই মনে করে আগামী ১২ মাসে বৈশ্বিক স্বর্ণের রিজার্ভ বাড়বে। ডি লস রেয়েস মনে করেন, চীনের রিজার্ভে স্বর্ণের অংশ এখনো ১০ শতাংশের কম (যেখানে উন্নত অর্থনীতিতে তা প্রায় ৩০ শতাংশ), তাই কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় দীর্ঘ সময় ধরে স্বর্ণের চাহিদাকে চাঙা রাখবে।

তবে ভিন্নমত পোষণ করেন নেইলর-লেল্যান্ড। তার মতে, কেন্দ্রীয় ব্যাংকের চাহিদার সঙ্গে স্বর্ণের দামের ওঠানামার কোনো সম্পর্ক নেই। প্রতিদিন অর্ধ ট্রিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলারের স্বর্ণ লেনদেন হয়। তাই দামের নির্ধারণ হয় সিন্থেটিক ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) চুক্তির মাধ্যমে, সরাসরি স্বর্ণ কেনাবেচার মাধ্যমে নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

সোনায় মোড়া বাপ্পি লাহিড়ীর জীবন, মৃত্যুর পর গয়নাগুলোর কী হলো?

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক, তবুও কেন কমছে দাম

২২ নাকি ১৮ ক্যারেট, কোন স্বর্ণের গয়না কেনা ভালো?

২২ নাকি ১৮ ক্যারেট, কোন স্বর্ণের গয়না কেনা ভালো?

আরও পড়ুন

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস: কেন কমছে দাম?

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের দাম আসলে কে নির্ধারণ করে?

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম