শীর্ষ ঋণখেলাপিদের শাস্তি, গ্রেফতার ও সম্পদ জব্দ করা প্রয়োজন
সম্পাদকীয়
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাংক খাতে নানামুখী সংকট তীব্র আকার ধারণ করছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ঋণের নামে ব্যাপক লুটপাটে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোয় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ওই সময় সরকারের নীতিনির্ধারক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে নানা অপকর্ম করেছেন। গত মার্চের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকায়। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা ঋণের প্রায় চার ভাগের এক ভাগই ইতোমধ্যে খেলাপি হয়ে গেছে। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ ৮ লাখ কোটি টাকা পর্যন্ত ছুঁতে পারে। অতীতে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছিলেন অর্থ উপদেষ্টা। বস্তুত কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ ভাঙা ছাড়া ব্যাংক খাতে খুব বেশি পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। শীর্ষ ঋণখেলাপিদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণের অঙ্ক।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংক দখল করে ঋণের নামে বিপুল অর্থ লুট করা হয়েছে। সেই অর্থ ফেরত আসছে না। দখল করা কোনো কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার এখন ৯৮ শতাংশে ঠেকেছে। রোববার খেলাপি ঋণের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, পাঁচ কারণে খেলাপি ঋণ বেড়েছে। নতুন করে বিতরণ করা ঋণ যেন খেলাপি না হয়, সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অবৈধভাবে অর্জিত সম্পদ পাচারের মাধ্যমে যুক্তরাজ্যে গড়া বিপুল অর্থের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। সঠিকভাবে মামলা-মোকাদ্দমা করে সে অর্থ বাংলাদেশে আনতে সক্ষম হবেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। কয়েকজন বড় ঋণখেলাপি গ্রেফতার হয়ে জেলে আছেন, বাকিরা পলাতক। তাদেরও গ্রেফতার করে সম্পদ ও অর্থ উদ্ধারের পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞরাও বলছেন, শীর্ষ ঋণখেলাপিদের সম্পদ জব্দ করতে হবে। তাদের বিচারে গঠন করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল। অন্যথায় ব্যাংক খাত কখনোই ঠিক হবে না। খেলাপি ঋণের বড় একটা অংশ বিদেশে পাচার হয়ে গেছে, তা ফেরত আনতে পদক্ষেপ নিতে হবে। খেলাপি ঋণ ব্যাংক খাতে দুরারোগ্য ব্যাধির রূপ নিয়েছে। কাজেই এ খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নিতে হবে।
