Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন ভারতীয় অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন ভারতীয় অভিনেত্রী

শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

Advertisement

আগামী ঈদে মুক্তির কথা রয়েছে সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’। তারকাবহুল এই সিনেমায় শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকাকে অভিনয়ে দেখা যাবে। এর মধ্যে রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। 

এর আগে টালিউড তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় অভিষেক করেন এই অভিনেত্রী।  এবার শাকিব খানের সঙ্গে বাংলাদেশী সিনেমায় যাত্রা করছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন এ অভিনেত্রী। নায়কের প্রশংসা করে তিনি বলেন, ‘জনপ্রিয়তার দিক থেকে শাকিব খান যেমন শীর্ষে, কাজের ক্ষেত্রে তেমনি ভীষণ সহযোগী।’ শ্রীলঙ্কায় ইতোমধ্যে শাকিব খানের সঙ্গে টানা পাঁচ দিন শুটিং করেছেন বলেও জানান তিনি। 

দেব ও শাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘শাকিব খান ও দেব দুই ইন্ডাস্ট্রির দুই তারকা হলেও সহ-অভিনেতা হিসেবে দুজনের মধ্যে আশ্চর্য রকম মিল আছে। দুজনেই এত বড় তারকা হয়েও সেটে সেটা বুঝতে দেন না।’ 

শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যোতির্ময়ী বলেন, সেটে সবাই তাকে আপন করে নিয়েছেন। ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজ উপভোগ করছেন। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও কেউ তাকে আলাদা করে দেখেননি। সংলাপের উচ্চারণ ঠিক করতে সহশিল্পী ও টিমের সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জ্যোতির্ময়ী জানান। 

উল্লেখ্য, শুরুতে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা থাকলেও ভিসাজনিত জটিলতার কারণে শিডিউল পিছিয়ে যায়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিংয়ের স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যায়। 

নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় শাকিব একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন। ছবিটিতে আরও আছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক পরিচিত মুখ।  সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম