Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৪ পিএম

অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানি গায়িকা মিশা শাফির বিরুদ্ধে গায়ক ও অভিনেতা আলী জাফরের দায়ের করা মানহানি মামলায় মঙ্গলবার (৩১ মার্চ) চূড়ান্ত রায় ঘোষণা করেছে লাহোরের একটি সেশন আদালত। রায়ে মিশা শাফিকে ক্ষতিপূরণ বাবদ আলী জাফরকে ৫০ লাখ (৫ মিলিয়ন) পাকিস্তানি রুপি প্রদানের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত সেশন জজ আসিফ হায়াত।

২০১৮ সালের এপ্রিলে মিশা শাফি তৎকালীন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম টুইটারে (বর্তমান এক্স) আলী জাফরের বিরুদ্ধে একাধিকবার যৌন হয়রানির অভিযোগ আনেন। আলী জাফর শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে ২০১৮ সালেই মিশা শাফির বিরুদ্ধে মানহানি অধ্যাদেশ ২০০২-এর অধীনে ১ বিলিয়ন রুপির মানহানি মামলা করেন আলী জাফর। তার দাবি ছিল, মিথ্যা অভিযোগের মাধ্যমে মিশা তার দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুণ্ন করেছেন।

দীর্ঘ আট বছর ধরে চলা এ মামলায় মোট ২৮৪টি শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ৯ জন বিচারক পরিবর্তিত হয়েছেন। মামলার বিচার চলাকালীন ২০ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।

রায়ে আদালত কেবল জরিমানাই করেনি বরং মিশা শাফিকে আলী জাফরের বিরুদ্ধে যৌন হয়রানি সংক্রান্ত কোনো পোস্ট বা টুইট করা থেকেও বিরত থাকার নির্দেশ দিয়েছে। এর আগে লাহোর হাইকোর্ট গত জানুয়ারিতে এ মামলাটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য ট্রায়াল কোর্টকে নির্দেশ দিয়েছিলেন।

উভয় পক্ষের প্রতিক্রিয়া

রায়ের পর আলী জাফরের আইনজীবী উমর তারিক গিল জানান, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হলে বিষয়টি আরও পরিষ্কার হবে। অন্যদিকে মিশা শাফির আইনজীবী সাকিব জিলানি গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা আদালতের রায়ের সার্টিফায়েড কপিটি পর্যালোচনা করছি। সেশন আদালতের এ রায়কে আমরা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করব।’

লাহোর হাইকোর্ট এর আগে একটি অন্তর্বর্তীকালীন আদেশে মিশা শাফিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব প্ল্যাটফর্মে আলী জাফরের বিরুদ্ধে বক্তব্য প্রদান থেকে বিরত থাকার যে নির্দেশ দিয়েছিল, সেশন আদালত আজকের রায়ে সেই অবস্থানই বজায় রাখল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম