‘ডন ৩’ সিনেমার সমস্যা আদালতেই মেটাতে চান রণবীর সিং
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম
বলিউড অভিনেতা রণবীর সিং। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০২৩ সালে বিশাল আয়োজনে ‘ডন’ সিরিজের নতুন মুখ হিসেবে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। তবে চিত্রনাট্য ও সৃজনশীল মতবিরোধের জেরে সেই সময় শুটিং শুরুর শেষ মুহূর্তে সিনেমাটি থেকে সরে দাঁড়ান অভিনেতা। আকস্মিক সেই সিদ্ধান্তের পর প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবিতে প্রযোজক সমিতির দ্বারস্থ হন।
‘ডন ৩’-এর প্রযোজক ফারহান আখতারের সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের তৈরি হওয়া সেই বিরোধ এবার আদালতে। প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবির বিপরীতে ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কোনো মধ্যস্থতা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন রণবীর সিং। তিনি বলেন, দুপক্ষের মধ্যে সরাসরি সমঝোতা না হলে বিষয়টির মীমাংসা শুধু আদালতেই হওয়া সম্ভব।
গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ইম্পার সঙ্গে এক বৈঠকে বসেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। এরপরই রণবীরের আইনি দল ইম্পাকে চিঠি দিয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা স্পষ্ট করে। চিঠিতে প্রযোজকদের ৪৫ কোটি রুপির দাবি নাকচ করার পাশাপাশি এই বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। রণবীরের আইনজীবীরা বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার শুধু একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তাই ইম্পার উচিত প্রযোজকদের এই অভিযোগটি খারিজ করে দেওয়া। অভিনেতা ও প্রযোজক দল নিজেরা সমাধান করতে না পারলে আদালতই এর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে দাবি করা হয় চিঠিতে।

