কোয়েলকে নিয়ে বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
টালিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক।
|
ফলো করুন |
|
|---|---|
টালিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন। অন্নপূর্ণা বসু পরিচালিত ‘স্পর্ধা’ নামে সেই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক। এ সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় অভিনয়ে ফেরেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সেই সিনেমায় কোয়েলের আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক।
চলতি মাসের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পর্ধা’। সিনেমাটির প্রযোজক নিসপাল সিং রানের ভাবনায় ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য।
এ সিনেমার মাধ্যমে একজন স্বাধীনচেতা নারীর গল্প তুলে ধরা হয়েছে, যিনি কাজের সঙ্গে কোনো আপস না করে একাধারে সংসার ও ক্যারিয়ার সামলান এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান।

