সালমানের সঙ্গে যেভাবে বন্ধুত্ব হয়েছিল আগুনের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউডের ক্ষণজন্মা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ৩০ বছর পার হয়ে গেলেও আজও তিনি আছেন ভক্ত-অনুরাগীদের হৃদয়ে। একই সঙ্গে যারা তার সঙ্গে কাজ করেছেন, তাদের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেতা।
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সালমান শাহর ঢালিউডে অভিষেক হয়। সেই একই সিনেমায় প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেছিলেন সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন। এ থেকেই যেন তাদের শুরু।
নব্বইয়ের দশকে সালমান শাহর সিনেমার অনেক গানে কণ্ঠ দিয়েছেন আগুন। আর কাজের সূত্র ধরেই তাদের বন্ধুত্ব। ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে গণমাধ্যমে এ কথা বলেছেন আগুন।
নব্বই দশকের বিপুল জনপ্রিয় অভিনেতা সালমান আর গানের জগতের জনপ্রিয় গায়ক আগুন। দুজন সিনেমা আর গান দিয়ে বেশ জনপ্রিয় হন। সেই সময়ে আগুনের গান আর সালমানের সিনেমা ছাড়া নব্বইয়ের দশক ভাবা যায় না। দুই তারকার মাঝে সম্পর্ক ভালো হলেও সেটি কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সালমানের মৃত্যুর আগে তার পরিবারের সঙ্গে দেখা হয়নি বলে জানান আগুন।
এ সংগীতশিল্পী বলেন, সালমান শাহর সঙ্গে আমার যে সম্পর্ক, আমাদের সম্পর্কটা ছিল কাজের। কাজের বাইরে কিছু না। কাজের বাইরে আমার আড্ডাবাজি ছিল এক সার্কেলে, আর সালমান শাহর সার্কেল ছিল অন্য। কাজের সময় আমাদের দেখা হতো। তখনই কথাবার্তা হতো।
সালমান শাহর সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিচারণ করেন আগুন বলেন, সালমানের সঙ্গে শ্রুতি স্টুডিওতে যখন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গানের রেকর্ডিংয়ে প্রথম দেখা হয়, সেদিন মিনিট দশকের মধ্যে আমরা দুজন দুজনকে বন্ধু বন্ধু সম্বোধন করে কথা বলা শুরু করেছিলাম। পরে সেটিই থেকে গেছে আমাদের।
তিনি বলেন, আমরা দুজনই ভালো ফ্যামিলির ছেলে। এ কারণে দুজনের মেন্টালিটি অল্পতেই মিলে গিয়েছিল। এ কারণে প্রফেশনের বাইরেও দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল।
আগুন বলেন, সালমান শাহ বেঁচে থাকাবস্থায় সম্ভব না হলেও, মারা যাওয়ার পর তার মায়ের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছে। আমি একবার গিয়েছিলাম আন্টির (নীলা চৌধুরী, সালমান শাহর মা) বাসায়। আন্টি তো আমাকে অনেক আদর করেন। পরে আর কখনো সেভাবে দেখা হয়নি।

