Logo
Logo
×
   

বিনোদন

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে বিতর্কের পর যুক্তরাষ্ট্রে নতুন কাজে মৌসুমী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে বিতর্কের পর যুক্তরাষ্ট্রে নতুন কাজে মৌসুমী

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। অসুস্থ মায়ের পাশে থাকা এবং পরিবারের সদস্যদের সময় দেওয়ার পাশাপাশি সেখানে নিয়মিত শুটিংয়েও অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে তার নতুন সিনেমায় অভিনয়ের খবর সামনে এসেছে। সিনেমাটির নাম ‘আ বিউটিফুল লাই’।

এর আগে যুক্তরাষ্ট্রে নির্মিত মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজটি শুরুতে এক ঘণ্টার নাটক বা ওয়েব কনটেন্ট হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়া হয় এবং সেন্সর ছাড়পত্রও নেওয়া হয়। মুক্তির পর দর্শকদের একাংশ কনটেন্টটির মান নিয়ে সমালোচনা করেন। পাশাপাশি দীর্ঘদিন পর্দায় মানসম্মত বা ব্যবসাসফল কাজ না থাকায় এমন প্রজেক্টে মৌসুমীর অভিনয় নিয়েও প্রশ্ন ওঠে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানী। ভিডিও বার্তায় ওমর সানী সিনেমাটিকে সিনেমা হিসেবে মানতে নারাজ হয়ে এর মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে মৌসুমীর অভিযোগ ছিল, তার অজান্তেই কাজটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে ‘কাটপিস’-এর মতো ব্যবহার করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে উল্লেখ করেন।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’। যুক্তরাষ্ট্রে বসেই সিনেমাটির গল্প লিখেছেন এবং পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

তবে নতুন প্রজেক্টটির সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর একটি জায়গায় মিল রয়েছে। জানা গেছে, ‘আ বিউটিফুল লাই’ও শুরুতে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। পরে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী চিত্রনাট্যও বড় করা হচ্ছে। ফলে আগের প্রজেক্টের অভিজ্ঞতার পর একই ধরনের সিদ্ধান্ত নতুন সিনেমার ক্ষেত্রেও কতটা কার্যকর হবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

তবে সিনেমাটি শেষ পর্যন্ত কেমন হয়, তা বোঝা যাবে ট্রেলার প্রকাশ ও মুক্তির পর।

নতুন সিনেমাটি নিয়ে মৌসুমী জানিয়েছেন, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প। গল্পের ঘটনাপ্রবাহ একটি মিথ্যাকে কেন্দ্র করে এগিয়ে যাবে। শুরুতে টেলিফিল্ম হিসেবে পরিকল্পনা করা হলেও এখন এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে। দর্শকেরা উপভোগ করার মতো একটি গল্প পাবেন বলেও আশাবাদী এই অভিনেত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম