বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ দৃশ্যশিল্পী সমাজের
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। তবে সেখানে বাঁধন ও তার পরিবারের ওপর হামলা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দেশে তোলপাড় শুরু হয়েছে। জুলাই যোদ্ধাকে এখনো আওয়ামী লীগ আক্রমণ করে চলেছে। এর প্রতিবাদে জনগণ ফুঁসে উঠছে। এবার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের দৃশ্যশিল্পী সমাজ।
১২২ শিল্পী হামলাকারীদের শনাক্ত, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, একজন শিল্পী তার রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে আক্রমণের শিকার হতে পারেন না। এটি শুধু নিন্দনীয় ঘটনা নয়, বরং শিল্পীর স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, শিল্পীর শরীর কোনো রাজনৈতিক প্রতিশোধের ক্ষেত্র নয় এবং শিল্পীর কণ্ঠও কোনো ভয়ের কাছে জিম্মি হতে পারে না। একই সঙ্গে হামলার ঘটনায় যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় দেশের বহু শিল্পীর সঙ্গে আজমেরী হক বাঁধনও অন্যায়, হত্যা, দমন ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছিলেন। তবে কোনো শিল্পীর রাজনৈতিক মত বা অবস্থান ভিন্ন হওয়ার কারণে তাকে অপমান, ভয় দেখানো কিংবা শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারও নেই।
রাজনৈতিক মতের বিরোধিতা কখনোই সহিংসতার লাইসেন্স হতে পারে না বলেও তারা জানান। একজন নারী শিল্পীর গায়ে হাত তোলা কিংবা তাকে প্রকাশ্যে হেনস্তা করা কোনো প্রতিবাদের ভাষা নয়— এটি সহিংসতারই বহিঃপ্রকাশ।

-6aa01489b65de.jpg)