দাগী থেকে খলনায়ক
দেড় বছর পর ফিরছেন তমা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘দাগী’ সিনেমায় জেরিন চরিত্রে প্রশংসা কুড়ানোর দেড় বছর পর আবারও বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা তমা মির্জা। সিনেমার নাম ‘খলনায়ক’। পরিচালনা করছেন ভিকি জাহেদ। এটাই নির্মাতার প্রথম সিনেমা। বরাবরের মতো এতে তমার নায়ক আফরান নিশো। ভিন্ন মাত্রা যোগ করতে বিশেষ অতিথি (ক্যামিও) চরিত্রে থাকছেন মেহজাবীন চৌধুরী। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘দাগী’ মুক্তি পেয়েছিল গত বছরের রোজার ঈদে। এরপর তমা অভিনীত আর কোনো সিনেমা মুক্তি পায়নি। এ সময় কোনো সিনেমায় অভিনয়ও করেননি। তবে বসেছিলেন না। কাজ করেছেন ওটিটিতে। ‘আমলনামা’, ‘৯ এপ্রিল’, আরও কয়েকটি প্রজেক্টে কাজ করে পেয়েছেন প্রশংসা। অভিনয়ের বাইরে এসময় আরও একটি পরিচয় জুড়িয়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ব্যাংকার। একটি বেসরকারি ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে যোগ দিয়েছেন। ব্যাংকিংয়ে আগের অভিজ্ঞতা না থাকায় এ নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। তবে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী তমা বলেন, ‘আইনি পড়াশোনা ও মিডিয়ায় ১৬ বছরের অভিজ্ঞতার কারণেই আমাকে ব্যাংকটিতে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এখানে সমালোচনা অপ্রয়োজনীয় বলেই আমি মনে করি।’
সবকিছু ছাপিয়ে তিনি আবারও ফিরেছেন সিনেমায়, নিজের কাঙ্ক্ষিত ঠিকানায়। যোগ দিয়েছেন ভিকির ‘খলনায়ক’ টিমের সঙ্গে। তমা বলেন, ‘ভালো একটি প্রজেক্টের জন্য আমি সবসময় অপেক্ষা করি। খলনায়ক আমার আমার সেই দেড় বছরের অপেক্ষার ফল।’
তমার ক্যারিয়ার ১৬ বছরের। দীর্ঘ এ পথচলায় অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন তিনি। বাবার চাকরির সুবাদে ছোটবেলা কেটেছে মফস্বলের সরকারি কোয়ার্টারে। সেখানে নানা পেশার মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছিল। যা পরে বাস্তবধর্মী চরিত্রে অভিনয়ে তাকে সাহায্য করেছে বলে তিনি জানিয়েছেন। তবে এসময় সিনেমায় তার চলার পথটাও মসৃণ ছিল না। নানা ঝামেলায় জড়িয়েছেন। হয়েছেন রাজনীতির শিকার। তমা বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছি। এমনও হয়েছে, চিত্রনাট্যে থাকা দৃশ্য শুটিংয়ে রাখা হয়নি, ডাবিংয়ের পর গান বাদ দিয়ে দিয়েছে। সিনেমা মুক্তির পর হলে গিয়ে দেখেছি গুরুত্বপূর্ণ দৃশ্যই কেটে ফেলা হয়েছে।’
ক্যারিয়ারের শুরুতে ‘এক মন এক প্রাণ’ ও ‘নদীজন’-এ প্রশংসা পান তমা। তবে ২০১৯-২০ সালের দিকে কাজের গতি থেমে যায়। তখনো ইন্ডাস্ট্রি ছাড়েননি, ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। মোড় ঘোরে ওটিটিতে। রায়হান রাফির ‘ডার্ক সাইড অব ঢাকা’ ও ‘খাঁচার ভিতর অচিন পাখি’র ‘পাখি’ চরিত্র তাকে নতুন করে পরিচিতি এনে দেয়। পরে রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ময়না’ চরিত্রেও প্রশংসিত হন।
