‘খলনায়ক রিটার্নস’-এ সালমান-সঞ্জয় জুটি?
Advertisement
শাহনাজ হেনা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের পর্দায় আবারও একসঙ্গে দেখা যেতে পারে দুই তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া কালজয়ী সিনেমা ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এ তাদের একসঙ্গে অভিনয়ের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা যাবে বলিউডের এ দুই জনপ্রিয় অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘খলনায়ক রিটার্নস’-এর জন্য সালমান খানকে মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ চরিত্র তৈরি করছেন নির্মাতা সুভাষ ঘাই ও তার লেখক দল। চরিত্রটি একজন পুলিশ কর্মকর্তার। গল্পে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং সঞ্জয় দত্তের চরিত্রকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। তবে এখনো সালমানের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। সিনেমাটিতে বল্লুর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান সঞ্জয় দত্ত। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত। অপরাধ, প্রেম ও নাটকীয়তায় ভরপুর সিনেমাটি সময়ের সঙ্গে বলিউডের কালজয়ী সিনেমার তালিকায় জায়গা করে নেয়। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই এবার তৈরি হচ্ছে সিক্যুয়েল। নতুন কিস্তিতে সঞ্জয় দত্তের ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সালমানের জন্য ভাবা চরিত্রটি গল্পের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। একজন ভালো মনের পুলিশ কর্মকর্তা হিসাবে তিনি সঞ্জয়ের চরিত্রকে সহায়তা করবেন। তবে চিত্রনাট্য এখনো চূড়ান্ত না হওয়ায় অভিনয়শিল্পী নির্বাচনও সম্পন্ন হয়নি।
এদিকে সালমানের অভিনয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন পরিচালক সুভাষ ঘাই। বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করতে চান না তিনি। তিনি বলেন, চিত্রনাট্যের কাজ চলছে। পুরো স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।
এদিকে সালমান শেষ পর্যন্ত ‘খলনায়ক রিটার্নস’-এ যুক্ত হলে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘যুবরাজ’-এর পর সুভাষ ঘাইয়ের পরিচালনায় আবারও কাজ করবেন তিনি। এখন দেখার বিষয়, নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই তারকাকে একই পর্দায় ফিরিয়ে এনে দর্শকদের কতটা চমকে দিতে পারেন নির্মাতারা।
