আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আবারও প্রমাণ হলো, বয়স শুধুই একটি সংখ্যা আর রূপের রানী একজনই—তিনি বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। সম্প্রতি বিশ্বখ্যাত প্যারিস ফ্যাশন উইকে নিজের অসামান্য সৌন্দর্য ও রাজকীয় উপস্থিতি দিয়ে পুরো ফ্যাশন দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করে দিলেন এই বি টাউন সুন্দরী।
গত ২৮ সেপ্টেম্বর প্যারিসের ঐতিহ্যবাহী প্লেস জোফ্রে-তে আয়োজিত ‘লরিয়াল প্যারিস লে ডেফিলে’-র জমকালো শো-তে র্যাম্প মাতিয়েছেন ঐশ্বরিয়া।
রানওয়েতে বিশ্বখ্যাত সিরিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘ইয়ারা শুমেকার’-এর কাস্টম অল-ব্ল্যাক ভেলভেট গাউন পরে হাজির হন তিনি। থ্রি-ডি ফ্রিঞ্জ ওয়ার্ক এবং মুক্তা-ক্রিস্টাল খচিত কেপের সঙ্গে ঐশ্বরিয়ার এই অল-ব্ল্যাক রূপ যেন এক রাজকীয় অনুভূতির জন্ম দিয়েছিল।
সবার নজর কেড়েছে ঐশ্বরিয়ার সম্পূর্ণ নতুন হেয়ারস্টাইল ও লুক। চুলে ফায়ারি রেড বা গাঢ় লাল রঙের হাইলাইট এবং ঠোঁটে বোল্ড রেড লিপস্টিক পরে যখন তিনি র্যাম্পে হাঁটেন, তখন ভক্তদের চোখ ধাঁধানো ছাড়া উপায় ছিল না। মাথায় ডায়মন্ডের রাজমুকুট ও আঙুলে হীরের আংটিতে যেন রূপকথার রাজকন্যা হয়ে উঠেছিলেন তিনি।
ফ্যাশনভিত্তিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘ডায়েট সব্য’ ঐশ্বরিয়ার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘১৯৯৪ সালে বিশ্বসুন্দরী হওয়ার পর থেকে সৌন্দর্য ও সম্মোহনের যে ফর্মুলা তিনি তৈরি করেছিলেন, আজ ৩২ বছর পর ২০২৬ সালেও তিনি ঠিক ততটাই নিখুঁত ও অনুপম।’
লরিয়াল প্যারিসের বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঐশ্বরিয়ার সঙ্গে রানওয়ে ভাগ করে নিয়েছেন কেন্ডাল জেনার, ইভা লংগোরিয়া, ভায়োলা ডেভিস এবং কারা দেলেভিঞ্জনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সব মডেল ও তারকারা।
