চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে আপত্তির ‘বদনাম’ নিয়ে যা বললেন সিঙ্গাপুরের অভিনেত্রী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম
সিঙ্গাপুরের জনপ্রিয় অভিনেত্রী রুই এন।
|
ফলো করুন |
|
|---|---|
পর্দায় রোমান্স কিংবা অন্তরঙ্গ দৃশ্য—বর্তমানে বিনোদন দুনিয়ায় এগুলো যেন খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু শুরু থেকেই এই ধরনের দৃশ্যে অভিনয় না করার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন সিঙ্গাপুরের জনপ্রিয় অভিনেত্রী রুই এন। এমনকি ধর্ষণের মতো সংবেদনশীল ও যন্ত্রণাদায়ক দৃশ্যও তিনি বরাবরই এড়িয়ে চলছেন।
আর এই ব্যক্তিগত সীমানা বজায় রাখতে গিয়েই ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে তাকে।
সম্প্রতি ইউটিউবার এইকেন চিয়ার জনপ্রিয় শো ‘হার্ট টু হার্ট’-এ অতিথি হিসেবে এসে নিজের দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের নানা অজানা কথা জানিয়েছেন এই তারকা।
অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি চুমু বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করতেন। বিশেষ করে ধর্ষণ দৃশ্যের প্রতি তার তীব্র আপত্তি রয়েছে। তাই চিত্রনাট্যে এমন কোনো দৃশ্য থাকলে তিনি শুরুতেই প্রযোজকদের তা বাদ দিতে বা দৃশ্যটি অন্যভাবে চিত্রায়ন করার অনুরোধ করতেন।
তবে নিজের এই শর্তে অনড় থাকার কারণে ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। তার কথায়, ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র অভিনেতাও এমন শর্ত দিয়েছেন, কিন্তু শুধু নারী হওয়ার কারণেই তাকে ‘কঠিন’, ‘চাহিদা সম্পন্ন’ এবং ‘ডিভা’র মতো বিশেষণে ভূষিত করা হয়েছে। অথচ নিজের পেশাগত স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমানা নিয়ে কথা বলাটা কোনো অপরাধ হতে পারে না বলেই মনে করেন তিনি।
নারীদের ট্রমা নিয়ে খোলামেলা প্রশ্ন
শুধু ব্যক্তিগত অস্বস্তির জায়গাতেই থেমে থাকেননি রুই এন। পর্দায় বারবার নারীদের নির্যাতন, মানসিক যন্ত্রণা ও ট্রমা ফুটিয়ে তোলার প্রচলিত ধারা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তার মতে, কেন একজন নারীর সহনশীলতা বা সমবেদনা অর্জনের জন্য বারবার তার ট্রমাকে পর্দায় প্রদর্শন করতে হবে? বাস্তবের এই গভীর ও বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোকে কেবল বিনোদনের খোরাক হিসেবে ব্যবহার করার কোনো যৌক্তিকতা নেই। 
আপসহীন পথচলা ও বর্তমান অবস্থান
মাত্র ১৮ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা রুই এন পরবর্তীতে সিঙ্গাপুরের টেলিভিশন নাটক ও সংগীতাঙ্গনে দারুণ পরিচিতি লাভ করেন। ২০১১ সালেই তিনি প্রথম প্রকাশ্যে নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করেছিলেন। সে সময় এক সহশিল্পীর সঙ্গে দৃশ্যপট নিয়ে মতবিরোধের জেরে তাকে সরাসরি হুমকিও দেওয়া হয়েছিল যে, এই শর্তে চললে তার ক্যারিয়ার আর এগোবে না। কিন্তু এত কিছুর পরও নিজের নীতিতে অনড় ছিলেন এই অভিনেত্রী।
২০২১ সালে ৪০ বছর বয়সে নিজের ম্যানেজমেন্ট এজেন্সি ছেড়ে পুরোপুরি স্বাধীনভাবে কাজ শুরু করেন রুই এন।
বর্তমানে অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি। তার মতে, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে যদি অন্য কেউ সামান্যও স্বস্তি পান, তবে সেটাই তার জীবনের বড় প্রাপ্তি।

