কী আছে ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রে, কেন এটি এতো জনপ্রিয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টিভি সিরিয়াল ‘দার-এ-নিজাত’-এর একটি চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা চলছে। পাকিস্তানের এ সিরিয়ালের ‘আবু বকর’ চরিত্রটি নিয়ে বেশ মজেছেন ভারতসহ বাংলাদেশের দর্শকরা। কারণ আবু বকর স্ত্রীকে ভালোবাসা, সম্মান আর ছোট ছোট যত্নে আগলে রাখেন।
স্ত্রীর অতীত নিয়ে প্রশ্ন তোলেন না, রাগের মুহূর্তেও হারান না ধৈর্য্য। এমন জীবনসঙ্গীর প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের নারী দর্শকরাও। তাদের কেউ কেউ বলছেন— বাস্তবজীবনেও এমন একজন সঙ্গী পেলে মন্দ হতো না।
পাকিস্তানের জনপ্রিয় চিত্রনাট্যকার ও ঔপন্যাসিক উমেরা আহমেদ চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘দার–এ–নিজাত’। সিরিয়ালটি পরিচালনা করেছেন সাকিব খান। প্রযোজনা করেছে থ্রিজ এন্টারটেইনমেন্ট।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে এ সিরিয়ালটি গত ১ আগস্ট থেকে প্রচার শুরু হয়। প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারের পর সামাজিক মাধ্যমে এর ভিডিও ক্লিপগুলো ছড়িয়ে পড়ে এবং মন্তব্যের ঘরগুলো মুহূর্তেই সরগরম হয়ে ওঠে।
এ উম্মাদনা কেবল পাকিস্তানেই নয়; ভারত, বাংলাদেশ, দুবাই ও মালদ্বীপের দর্শকরাও এতে মজেছেন। বিশেষ করে আবু বকর চরিত্রেই সবাই মুগ্ধ।
‘দার-এ-নিজাত’ সিরিয়ালটির গল্পে ফুটে উঠেছে— প্রেম, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক টানাপোড়েন ও বিশ্বাসঘাতকতা। তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তিনটি চরিত্র— জারিয়াব, জামিল ও আবু বকর। আর আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। তার বিপরীতে জারিয়াব চরিত্রে আছেন অভিনেত্রী দুরে ফিশান সেলিম। আর জামিল চরিত্রে নওয়াজ খান।
তাদের সম্পর্কের টানাপোড়েনই গল্পকে এগিয়ে নিয়ে যায়। জারিয়াবের জীবনে একসময় ছিলেন শৈশবের বন্ধু জামিল। তাকে ভালোবেসে নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিতেও দ্বিধা করেননি জারিয়াব। কিন্তু একপর্যায়ে জামিল ধর্মের প্রতি অনুরাগী হয়ে জারিয়াবের পোশাক ও জীবনযাপন নিয়ে আপত্তি তুলতে শুরু করেন। পরে তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেন জামিল। অন্যদিকে আবু বকরের সঙ্গে বিয়ে হয় জারিয়াবের। কিন্তু অতীতের সম্পর্কের ক্ষত ও হতাশা সহজে কাটিয়ে উঠতে পারেন না তিনি।
আবার নতুন সংসারেও কখনো রাগ করেন, কখনো আবু বকরকে কষ্ট দিয়ে কথা বলেন জারিয়াব। তবে স্ত্রীর এমন আচরণের জবাবে পালটা রাগ দেখান না আবু বকর। বরং বোঝার চেষ্টা করেন, জারিয়াবের মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো।
তবে জারিয়াবের স্বপ্নের প্রতিও যত্নশীল আবু বকর। স্ত্রীর পড়াশোনা যেন থেমে না যায়, সে জন্য তাকে আবার হার্ভার্ডে ফিরে যাওয়ার উৎসাহ দেন। এমনকি জারিয়াব উদ্বেগে ভেঙে পড়লেও তার হাত ধরে পাশে থাকেন আবু বকর।
এ অভিনেতা চরিত্রটির জনপ্রিয়তার পেছনে অভিনেতা শেহরিয়ার মুনাওয়ারের অভিনয়ও বড় ভূমিকা রেখেছে। অতিরিক্ত আবেগ কিংবা নাটকীয়তা নয়, চোখের ভাষা, মৃদু হাসি ও কোমল অভিব্যক্তিতে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন তিনি। আবু বকরের ভালোবাসার প্রকাশও বেশ সাধারণ। শুধু ভালোবাসা নয়, স্ত্রীর জন্য বাড়তি একটি টফি নিয়ে আসা, রাগ করে ছুড়ে ফেলা মুঠোফোনটি তুলে দেওয়া কিংবা তার জুতা গুছিয়ে রাখার মতো ছোট ছোট কাজেই প্রকাশ পায় যত্ন।
আবার কখনো স্ত্রীর সাজপোশাকের প্রশংসা করেন, কানে দুল পরতে সাহায্য করেন। বিদায়ের সময় স্নেহভরে চুলে হাত বুলিয়ে দেওয়া কিংবা ভুল বুঝতে পেরে অহংকার না করে ক্ষমা চাওয়ার দৃশ্যগুলোও দর্শকদের মন ছুঁয়েছে।
‘দার-এ-নিজাত’ সিরিয়ালে আবু বকরকে নিয়ে দর্শকদের মুগ্ধতার কারণ বেশ স্পষ্ট। সম্পর্কের ক্ষেত্রে নারীরাই অনেক সময় সঙ্গীর রাগ, অভিমান ও মন-মেজাজ সামলে চলেন। নিজের চাওয়া-পাওয়ার চেয়ে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিতে হয় তাদের। সেখানে আবু বকরের মতো একজন পুরুষ চরিত্র দর্শকদের সামনে ভিন্ন এক সম্পর্কের ছবি তুলে ধরেছেন। যেখানে ভালোবাসার সঙ্গে রয়েছে সম্মান, যত্নের সঙ্গে রয়েছে বোঝাপড়া, আর সম্পর্কের মধ্যে নেই নিয়ন্ত্রণের চেষ্টা।
‘দার-এ-নিজাত’-এর দর্শকরা আবু বকরের মধ্যে খুঁজে পেয়েছেন এমন একজন সঙ্গীকে, যিনি কঠিন সময়েও পাশে থাকেন, অতীত নিয়ে বিচার করেন না এবং ছোট ছোট বিষয়েও ভালোবাসার প্রকাশ ঘটান। ভাষা ও সংস্কৃতি আলাদা হলেও ভালোবাসা, সম্মান ও মানসিক নিরাপত্তার প্রত্যাশা সবারই এক। সম্ভবত এ কারণেই ‘দার-এ-নাজাত’-এর আবু বকর পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতসহ বাংলাদেশের দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন।

-6af6a2942f497.jpg)