আলিয়া-ক্যাটরিনাদের সঙ্গে কিয়ারার বন্ধুত্বের নেপথ্যে যে ঘটনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মা হওয়া যে কোনো নারীর জীবনেই এক বিশাল পরিবর্তন। ২০২৫ সালে প্রথম সন্তানকন্যা সারায়া মালহোত্রাকে স্বাগত জানিয়ে মাতৃত্বের এই নতুন অধ্যায়ে পা রেখেছিলেন দক্ষিণী অভিনেত্রী কিয়ারা আদভানি। তার বছর দেড়েক পর দ্বিতীয়বার মা হতে চলেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর কাউচে স্বামী সিদ্ধার্থের সঙ্গে হাজির হয়ে মাতৃত্বকালীন মানসিক ও শারীরিক পরিবর্তন এবং ‘পোস্টপার্টম ফেজ’ বা প্রসবোত্তর কঠিন সময় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি।
অভিনেত্রী জানিয়েছেন, প্রথমবার মা হওয়ার পরের সেই কঠিন সময়ে বলিউডের নতুন মায়েরা অর্থাৎ আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার সঙ্গে তার এক দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল।
সেদিনগুলোর স্মৃতিচারণ করে কিয়ারা আদভানি বলেন, সন্তানধারণ করার পর প্রথম তিন মাস তার জন্য ভীষণ কঠিন ছিল। শারীরিক অস্বস্তি এবং হরমোন পরিবর্তনের কারণে তখন তিনি একাকিত্বে ভুগতেন। তিনি বলেন, সন্তান প্রসবের পর নতুন মায়েদের জীবনে হুট করে এত পরিবর্তন আসে, সবটা মুখে বলে বোঝানো যায় না। এ সময় একজন মা-ই অন্য মাকে বুঝতে পারে।
এ অভিনেত্রী বলেন, আমরা প্রথমে ঠিক করেছিলাম কাউকে কিছু জানাব না। কিন্তু একটা সময় আমার মনে হয়েছিল— আমার মা ও শাশুড়ির সঙ্গে এ বিষয়ে কথা বলা খুব দরকার। কারণ সেই মুহূর্তে আমার পাশে এমন কিছু মানুষের প্রয়োজন ছিল, যারা আমার এই অনুভূতিটা বুঝবেন।
সঞ্চালক করণ জোহর জানান, প্রসবোত্তর সময়ে কিয়ারা নিয়মিত আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখাকে ফোন করতেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমরা একে অপরের খোঁজখবর নিতাম। যেহেতু আমরা একই পেশায় আছি, তাই আমাদের চ্যালেঞ্জগুলোও এক।
তিনি বলেন, আমার মনে আছে— আমি আলিয়াকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম মা হওয়ার পর কীভাবে আবার শুটিংয়ে ফেরা যায়, কীভাবে কাজ আর সংসার একসঙ্গে সামলানো সম্ভব?
অভিনেত্রী বলেন, একদিকে পরিবার, অন্যদিকে পেশা। মম-গিল্ট ছাড়া এ দুই জগতের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা যায়, তা নিয়েই আমাদের কথা হতো।
উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ভাট ২০২২ সালে তার প্রথম সন্তানের জন্ম দেন। অন্যদিকে ক্যাটরিনা কাইফ ২০২৫ সালে পুত্রসন্তান বিহানের মা হন। ওই বছরেরই নভেম্বরে রাজকুমার রাও ও পত্রলেখার কোল আলো করে আসে তাদের কন্যাসন্তান। সমসাময়িক এ অভিনেত্রীদের পারস্পরিক সমর্থন কিয়ারাকে সেই সময় মানসিকভাবে ভীষণ শক্তি জুগিয়েছিল।

