২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আবার বোমাতঙ্কে বাণিজ্যনগরী। এবার সরাসরি হুমকি ই-মেইলে উল্লেখ রয়েছে শাহেনশাহ অমিতাভ বচ্চনের জুহুর বিখ্যাত বাসভবন ‘জলসা’র। শুধু বলিউড কিংবদন্তি অভিনেতা বিগবির বাড়িই নয়, ছত্রপতি শিবাজি বিমানবন্দর, মেয়রের দপ্তরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো।
এই বার্তা পাওয়ার পর থেকেই গোটা শহরজুড়ে চূড়ান্ত সতর্কতা বা হাই-অ্যালার্ট জারি করেছে মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে উল্লিখিত প্রতিটি জায়গায় চিরুনি তল্লাশি চালানো হয়।
তবে স্বস্তির খবর এই যে, দীর্ঘ তল্লাশির পর এখন পর্যন্ত কোনো জায়গা থেকেই সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। কে বা কারা এ ই-মেইল পাঠিয়েছে এবং নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সাইবার সেলের সাহায্য নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, এই নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। এর আগে গত ২৩ অক্টোবর একই ধরনের একটি হুমকি ই-মেইল পাঠানো হয়েছিল। মুম্বাইয়ের মেয়র রীতু তাওড়ে ও ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়িকে ট্যাগ করে পাঠানো সেই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার পাশাপাশি ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে বচ্চনের জুহুর বাড়িতে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এমনকি সেই ই-মেইলে খলিস্তানি যোগের উল্লেখ করে আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল।
ক্রমাগত এই নিরাপত্তা হুমকির জেরে গত কয়েক সপ্তাহ ধরেই ‘জলসা’র বাইরে নিরাপত্তাব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও ভক্তদের নিরাশ করেননি শাহেনশাহ। গত ১ নভেম্বর প্রথা মেনেই ভক্তদের দেখা দিয়েছেন অমিতাভ বচ্চন। তবে খোলা মঞ্চে নয়, নিরাপত্তার স্বার্থে স্বচ্ছ প্রোটেক্টিভ এনক্লোজারের আড়াল থেকেই অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। সে সময় তার পাশে ছেলে অভিষেক বচ্চন এবং একঝাঁক নিরাপত্তারক্ষীকেও দেখা গিয়েছিল। পর পর এমন হুমকি ই-মেইলের ঘটনায় মুম্বাইয়ের ভিভিআইপি এবং জনবহুল এলাকাগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

-6af6a2942f497.jpg)