ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের অন্যতম সুখি তারকা দম্পতি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির সংসারে খুব শিগগির আসতে চলেছে নতুন সদস্য। মেয়ে সারাহার পর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ঘরোয়া আয়োজনে নিজের সাধভক্ষণ বা ‘বেবি শাওয়ার’ উদযাপন করলেন তিনি।
এর কিছু দিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হতে চলার সুখবর শেয়ার করে নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সম্প্রতি করণ জোহরের শোয়ে এসেও হবু সন্তানকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করেছিলেন এ তারকা দম্পতি।
যদিও বর্তমানে কাজ থেকে বিরতি নিয়ে ‘বেবিমুন’ পিরিয়ড এবং মেয়ে সারাহার সঙ্গে সময় কাটাচ্ছেন কিয়ারা আদভানি। অন্যদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর সব রকম খেয়াল রাখছেন সিদ্ধার্থ মালহোত্রা।
সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন কিয়ারা আদভানি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উদযাপনের একটি বিশেষ কেকের ছবি শেয়ার করে নিয়েছেন কিয়ারা আদভানি। এ সময় যারা কেকটি তৈরি করেছেন, তাদেরও ধন্যবাদ জানিয়েছেন। ছবিতে কিয়ারা নিজে না থাকলেও ওই কেকের নকশা দেখেই হবু সন্তানের লিঙ্গ নিয়ে রীতিমতো গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা!
সাধভক্ষণ বা ‘বেবি শাওয়ার’ কেকের নীল-বেগুনি নাকি গোলাপি ফুল— কীসের ইঙ্গিত দিল? সিদ্ধার্থের সঙ্গে কেক কাটার সেই বিশেষ মুহূর্তের ছবিটি ইতোমধ্যে কিয়ারার ফ্যান পেজ এবং পাপারাজ্জিদের অ্যাকাউন্টে ভাইরাল।
কেকটিতে মূলত নীল ও বেগুনি রঙের প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে। তবে সেই ফুলগুলোর মাঝেই একটি গোলাপি রঙের ফুলও স্পষ্ট দেখা যাচ্ছে। আর এতেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন সামাজিক মাধ্যমের নেটিজেনরা।
একদল ভক্ত-অনুরাগীর মতে, কেকটিতে নীল রঙের ফুলের আধিক্য সবচেয়ে বেশি, যা সাধারণত পুত্রসন্তানের ইঙ্গিত দেয়। তাই তাদের ধারণা, সিদ্ধার্থ-কিয়ারার কোলে এবার ছেলে আসতে চলেছে।
অন্যদিকে আরেক দলের নজর কেড়েছে ওই একটিমাত্র গোলাপি ফুল। তাদের প্রশ্ন— নীল ও বেগুনি ফুলের ভিড়ে ওই গোলাপি ফুলটি কি তবে দ্বিতীয়বার কন্যাসন্তান আসারই পূর্বাভাস?
যদিও বহু অনুরাগীই মন্তব্য করেছেন যে, ছেলে হোক বা মেয়ে— মা ও সন্তান সুস্থ থাকুক, সেটাই সবচেয়ে বড় কথা। ভারতে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণরূপে বেআইনি। তবে আমেরিকাসহ প্রথম বিশ্বের একাধিক দেশে এটি আইনসিদ্ধ। এবার সেখানে দম্পতিরা জেন্ডার রিভেল পার্টিও করেন সাড়ম্বরে।
উল্লেখ্য, অভিনেত্রী কিয়ারা আদভানিকে শেষবার দেখা গেছে দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায়। তার আগে ‘ওয়ার ২’-তে। দুটি সিনেমায়ই কিয়ারার অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে ছবিগুলো সেভাবে সাফল্য পায়নি। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ সিনেমায় দারুণ পছন্দ করেছেন দর্শকরা। এমনকি ইতোমধ্যে ‘দ্য ওয়ান ২’ সিনেমার ঘোষণাও হয়ে গেছে।

