Logo
Logo
×
   

পরবাস

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, সৌদি আরবে ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার কারণে আগে যেখানে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের জন্য এনরোলমেন্ট করা হতো, সেখানে দূতাবাসের প্রচেষ্টায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।

দূতাবাস জানায়, এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট প্রিন্টিং পর্যায়ে রয়েছে। এ ছাড়া ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমানে দাম্মাম অঞ্চলে নয় দিনব্যাপী ক্যাম্পের মাধ্যমে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কার্যক্রম চলছে বলেও জানানো হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম পরিচালনার সময় অনেক সেবাপ্রার্থীর আবেদনে তথ্যগত ভুল, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসংগতি এবং একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দেখা যাচ্ছে। এসব ক্ষেত্রে তথ্য যাচাই ও প্রসেসিং সম্পন্ন করে পাসপোর্ট দিতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

এ পরিস্থিতিতে প্রবাসীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পাসপোর্ট সেবা আরও দ্রুত ও সহজ করতে দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম