সীমান্তপারের অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা বাড়াতে চায় মালয়েশিয়া
Advertisement
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সীমান্তপারের অপরাধ মোকাবিলা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, অর্থ পাচার ও মানব পাচারের মতো ক্রমবর্ধমান জটিল অপরাধ দমনে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেবে দেশটি।
২০ ও ২১ অক্টোবর ফিলিপাইনের মাকাতি শহরে অনুষ্ঠিতব্য সীমান্তপারের অপরাধবিষয়ক আসিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীদের ২০তম সম্মেলনে (এএমএমটিসি) মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীর।
সম্মেলনে সীমান্তপারের অপরাধী চক্রের বিরুদ্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সম্মিলিত কার্যক্রম আরও জোরদার করাকে অগ্রাধিকার দেবে মালয়েশিয়া। বিশেষ করে অনলাইন প্রতারণা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়, জাতীয় প্রতারণা মোকাবিলা কেন্দ্রের (এনএসআরসি) ভূমিকা শক্তিশালী করা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধের ধরন ও কার্যক্রম ক্রমেই জটিল হয়ে উঠছে। অপরাধীরা এখন আর একটি দেশের সীমানায় সীমাবদ্ধ নেই; বরং একাধিক দেশের নেটওয়ার্ক ব্যবহার করে অপরাধ চালাচ্ছে। ফলে এসব অপরাধ কার্যকরভাবে দমনে দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য হয়ে উঠেছে।
সম্মেলনের পাশাপাশি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ আসিয়ানের কৌশলগত অংশীদার দেশগুলোর সঙ্গে পরামর্শমূলক বৈঠকেও অংশ নেবে মালয়েশিয়া। এ ছাড়া ১৩তম চীন-এএমএমটিসি প্লাস সম্মেলনে সহসভাপতির দায়িত্ব পালন করবে দেশটি।

