Logo
Logo
×

Advertisement

পরবাস

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

Advertisement

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী।

বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

এদিকে ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোররাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে তথ্য দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও।

কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার তাদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তাদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।’

এ কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো- নির্বাচিত কর্মীদের কাউকেই মালয়েশিয়ায় যাওয়ার জন্য অভিবাসন ব্যয় বহন করতে হয়নি। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ১১২ জনকে। তাদের মধ্যে প্রথম পর্যায়ে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি। ফলে বিদেশে চাকরি পেতে কর্মীদের ঋণ করে কিংবা জমিজমা বিক্রি করে অর্থ জোগাড় করতে হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মসংস্থানের জন্য লাখ লাখ টাকা খরচ করে ঋণগ্রস্ত হওয়ার প্রচলিত বাস্তবতার বিপরীতে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ একটি নতুন দৃষ্টান্ত। সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া এবং নিয়োগকর্তার অর্থায়নে কর্মী পাঠানোর এ মডেল সফলভাবে বাস্তবায়িত হলে অভিবাসন ব্যয় কমানোর ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রথম ধাপের ১১২ জনের পর আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব চাহিদার বিপরীতে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিনের এ স্থবিরতা কাটিয়ে নতুন করে কর্মী পাঠানোর উদ্যোগ দুই দেশের শ্রমবাজার সহযোগিতায় নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক প্রচেষ্টাও ভূমিকা রেখেছে। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তিনি। ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তারেক রহমান। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হন। এরই ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকায় কর্মীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন- ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

আরও পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?

সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?

প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকার প্রশংসা রাষ্ট্রদূতের

জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকার প্রশংসা রাষ্ট্রদূতের

বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম