মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
ভারতের দরিদ্রতম রাজ্য বিহারের বিধায়ক অনন্ত সিং। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারে মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথির আপ্যায়নের আয়োজন করেছেন এক রাজনীতিক। বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে ছয়টি অস্থায়ী হেলিপ্যাড। আর অতিথিদের ভোজের আয়োজন করতে নিয়োগ দেওয়া হয়েছে ৫০০ রাঁধুনি। খাওয়ানো হয়েছে লাখ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি।
গত বুধবার বিহারের বিধায়ক অনন্ত সিং তার মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের আয়োজন করেন। পাত্র ঋষিকেশ কুমার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএর শিক্ষার্থী।
২০২৪ সালে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যে জাঁকজমকপূর্ণ আয়োজন করেছিলেন, তার সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয়। কয়েক মাস ধরে চলা ওই বিয়ের অনুষ্ঠানে অন্তত ৬০ কোটি ডলার ব্যয় হয়েছিল বলে ধারণা করা হয়। বিশ্বনেতা ও তারকাদের উপস্থিতিতে সেই আয়োজন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
তবে আড়ম্বরের দিক থেকে পিছিয়ে থাকতে চাননি বিহারের বিধায়ক অনন্ত সিংও। গ্রামের পরিবেশে হলেও মেয়ের বিয়েতে ব্যাপক আয়োজন করেন তিনি।
নাদাওয়া গ্রামের পারিবারিক বাড়ির প্রায় আড়াই হেক্টর জায়গাজুড়ে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। ভারতের জাঁকজমকপূর্ণ বিয়ের প্রচলিত মানদণ্ডেও প্রায় ৪ লাখ অতিথির এ আয়োজন ছিল বিস্ময়কর।
অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি। ভোজের আয়োজন করতে কাজ করেছেন ৫০০ জন রাঁধুনি ও বাবুর্চি। কাবাব ও বিভিন্ন তরকারি রান্নার জন্য ব্যবহার করা হয়েছে প্রায় ১ হাজার কেজি খাসির মাংস। ভারতের বিভিন্ন স্থান থেকে হেলিকপ্টারে আসা গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল ছয়টি অস্থায়ী হেলিপ্যাড।
বরযাত্রী ঋষিকেশ কুমার সানগ্লাস পরে এবং কমলা রঙের স্কার্ফ উড়িয়ে ১৫১টি গাড়ির বহর নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিজোড় সংখ্যাকে সৌভাগ্যের প্রতীক মনে করেন। বিয়েতে পাত্রের উপহারসামগ্রীর মধ্যে ছিল একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার।
বিয়ের আগে অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলো গাড়ির চাপে কার্যত অচল হয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, যানজটে আটকে পড়া এক অতিথি ট্র্যাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান।
অতিথিদের জন্য চীন থেকে আমদানি করা ফুল দিয়ে বর্ণিল সাজসজ্জার পাশাপাশি আতশবাজির আয়োজনও করা হয়েছিল।
বিনোদনের জন্য ডিজে না রেখে ঘোড়দৌড়ের আয়োজন করেছিলেন অনন্ত সিং। তবে অনুষ্ঠান দেখতে আমন্ত্রিত নন—এমন অনেক মানুষ গাছে ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। এতে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় শেষ মুহূর্তে ঘোড়দৌড় বাতিল করতে হয়। প্রতিযোগিতার বিজয়ীর জন্য রাখা এসইউভি গাড়িটি পড়ে থাকে বিয়ের অনুষ্ঠানের অন্যান্য জিনিসপত্রের মধ্যে।
অনন্ত সিং একজন বিতর্কিত রাজনীতিক। তিনি পাঁচবার বিহার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র শক্তিশালী করতে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের ওয়েবসাইটে এসব মামলার তথ্য রয়েছে। তবে অনন্ত সিং তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
বিয়ের আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে অনুষ্ঠানের বিশাল আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এতে অস্বাভাবিক কিছু নেই। তার ভাষায়, ‘বড় মেয়ের বিয়েতেও আমি ঠিক একই ধরনের আয়োজন করেছিলাম।’ সূত্র: দ্য গার্ডিয়ান

