Logo
Logo
×
   

আন্তর্জাতিক

গাজার উদ্দেশে আবারও ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

গাজার উদ্দেশে আবারও ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

গাজা অভিমুখে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা। ছবি: সংগৃহীত

গাজা অভিমুখে নতুন ও আরও বড় একটি সাহায্যবাহী বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন অ্যাক্টিভিস্টরা। 

আগামী মার্চ মাসে 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নামক এই মিশনে প্রায় ১০০টি নৌযান এবং এক হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে জানানো হয়েছে। জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনে আয়োজিত এক বৈঠকে আয়োজকরা এটিকে ইসরাইলের পদক্ষেপের বিরুদ্ধে এ যাবৎকালের বৃহত্তম বেসামরিক মানবিক হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

গত বছর একই ধরনের একটি অভিযানে অংশ নেওয়া নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা জানান, এই অভিযানে চিকিৎসক এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও অন্তর্ভুক্ত থাকবেন। সমুদ্রপথের এই যাত্রার পাশাপাশি প্রতিবেশী আরব দেশগুলো দিয়ে একটি স্থলপথের কনভয়ও পরিচালিত হবে, যাতে হাজার হাজার সমর্থক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত অক্টোবরে ইসরাইলি সামরিক বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪০টি নৌকা জব্দ করেছিল এবং মান্ডলা ম্যান্ডেলা ও গ্রেটা থুনবার্গের মতো পরিচিত মুখসহ প্রায় ৪৫০ জন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছিল। যদিও ইসরাইলি কর্মকর্তারা এই ধরনের উদ্যোগকে প্রচারণার কৌশল হিসেবে গণ্য করেন, তবে আয়োজকদের দাবি তারা গাজার ওপর আরোপিত 'অবৈধ' অবরোধ ভাঙতে এবং আন্তর্জাতিক সমুদ্রসীমার অধিকার রক্ষায় কাজ করছেন।

বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চললেও জাতিসংঘের মতে সেখানে মানবিক সহায়তার পরিমাণ চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। এমন পরিস্থিতিতে অ্যাক্টিভিস্ট সুসান আবদুল্লাহ জানান, যদিও তারা আগেরবার শারীরিকভাবে গাজায় পৌঁছাতে পারেননি, কিন্তু তাদের এই প্রচেষ্টা গাজাবাসীকে বার্তা দিয়েছে যে বিশ্ব তাদের পাশে আছে। আসন্ন মিশনে আবারও বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকলেও তারা ফিলিস্তিনিদের দুর্দশা বিশ্ববাসীর নজরে আনতে এবং অবরোধ ভাঙতে অবিচল থাকবেন বলে জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম