ইরানে নিহত ১০০০ ছাড়াল, পালটাপালটি হামলা অব্যাহত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ এএম
ইসরাইলি হামলায় ইরানের আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। বুধবার তেহরানসহ ইরানের পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরাইলি হামলায় আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইল দাবি করেছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের কার্যালয়গুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ১,০৪৫ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। তেহরান থেকে আলজাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, পুরো দেশ এখন সব দিক থেকে আক্রান্ত। অন্তত ৩০০ শিশু ও কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহত মানুষের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর ১৯ দফার হামলা
ইরানের প্রেস টিভি এবং আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে তাদের ১৯তম দফার হামলা শুরু করেছে।
তাসনিম নিউজ আইআরজিসি-র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সর্বশেষ হামলায় ইসরাইল এবং ওই অঞ্চলে অবস্থিত ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো’ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ-৪’।

