Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ এএম

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

Advertisement

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির রাজধানী তিরানায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মধ্যে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন।

এ সময় তারা পুলিশকে নিশানা করে পাথর ও পেট্রলবোমা ছোড়েন। জবাবে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার নিম্নমান নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এসব কারণে গত অক্টোবরের মাঝামাঝি থেকে রাজধানী তিরানায় বিক্ষোভ শুরু হয়।

পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির অন্য শহরগুলোতেও। একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেন। পাশাপাশি, দোকানের জানালা ভাঙচুর করেন এবং রাস্তার পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন।

গত শনিবারের বিক্ষোভেও একই চিত্র দেখা যায়। এদিন আন্দোলনে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য ও দেশত্যাগের সমস্যা আর মেনে নেওয়া যায় না। অন্য বিক্ষোভকারীরাও উন্নত জীবন ও ভালো স্বাস্থ্যসেবার দাবি জানান।

এদিকে, বিক্ষোভকারীদের কেউ কেউ মুখোশ পরে সরকারি ভবন লক্ষ্য করে পাথর ছোড়েন। একপর্যায়ে তারা প্রধানমন্ত্রী এদি রামার কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে পুলিশ তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ফলে, কার্যালয়ের দিকে আর এগোতে পারেননি তারা।

একই সঙ্গে, বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। দুর্নীতি ও দারিদ্র্য কমানোর পাশাপাশি কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বাড়ানোর দাবি জানান তারা।

তবে রামার সরকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এদি রামা।

আন্দোলন থামাতে সরকার কিছু পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

কয়েক মাস ধরে চলা সেই আন্দোলনের পর এবার নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। সব মিলিয়ে এই আন্দোলন রামা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে, দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও দুর্নীতির অভিযোগ ও নানা অসন্তোষের কারণে এখন চাপের মুখে পড়েছে তার সরকার।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাওয়া বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে আলবেনিয়া। ২০৩০ সালের মধ্যে জোটটিতে যোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

তবে দুর্নীতির অভিযোগ ও চলমান সরকারবিরোধী বিক্ষোভ সেই লক্ষ্য অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

আরও পড়ুন

আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা

আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড

রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা বন্ধ, দাবি ইউক্রেনের

রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা বন্ধ, দাবি ইউক্রেনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম