Logo
Logo
×

আন্তর্জাতিক

সিএনএন-এর বিশ্লেষণ

‘খারগ দ্বীপ’ ইরানের কাছে যে কারণে এত গুরুত্বপূর্ণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম

‘খারগ দ্বীপ’ ইরানের কাছে যে কারণে এত গুরুত্বপূর্ণ

খারগ দ্বীপ। ছবি: সংগৃহীত

ইরানের জন্য কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘খারগ দ্বীপ’ সম্প্রতি মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। 

পারস্য উপসাগরে ইরানের মূল ভূখণ্ড থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রবাল দ্বীপটি আয়তনে ম্যানহাটনের মাত্র তিন ভাগের এক ভাগ হলেও, এটি ইরানের অর্থনীতির জীবনরেখা হিসেবে পরিচিত। দেশের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। এর দীর্ঘ জেটিগুলো এমন গভীর পানিতে অবস্থিত যেখানে বিশালাকার সুপারট্যাঙ্কারগুলো সহজেই নোঙর করতে পারে। ফলে অভ্যন্তরীণভাবে এটি ‘নিষিদ্ধ দ্বীপ’ নামে পরিচিত এবং অত্যন্ত কঠোর সামরিক নিয়ন্ত্রণে থাকে।

চলমান যুদ্ধের প্রথম দুই সপ্তাহে যখন ইরানজুড়ে বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চলছিল, তখন এই দ্বীপটি দীর্ঘ সময় ধরে অক্ষত ছিল। তবে শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। সিএনএন-এর ভৌগোলিক বিশ্লেষণে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

মার্কিন কর্মকর্তাদের দাবি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য, এবারের হামলায় শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তেলের অবকাঠামোগুলো এখন পর্যন্ত অক্ষত রয়েছে। তবে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তবে দ্বীপের তেল স্থাপনাগুলোতেও সরাসরি আঘাত হানা হবে।

ঐতিহাসিকভাবেই এই দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অপরিহার্য। ১৯৪ সালের এক সিআইএ নথিতে একে ইরানের তেল ব্যবস্থার ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র’ হিসেবে বর্ণনা করা হয়েছিল, যার কার্যক্রম বন্ধ হওয়া মানে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়া। 

সম্প্রতি ইসরাইলি বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডও মন্তব্য করেছেন যে এই টার্মিনালটি ধ্বংস করা হলে ইরানের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে এবং বর্তমান সরকারের পতন ত্বরান্বিত হবে। 

ফলে খারগ দ্বীপে কোনো পূর্ণমাত্রার হামলা কেবল ইরানের জন্য নয়, বরং বিশ্ব তেলের বাজারেও বড় ধরণের বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম