Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০৮ পিএম

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ১০

কিয়েভের বহুতল ভবনগুলোর ওপর বড় বড় বিস্ফোরণ ঘটছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দিনিপ্রোসহ কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।  মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

এক প্রতিবেদনে সামা টিভি জানিয়েছে,  চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া বারবার ইউক্রেনের বিদ্যুৎব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইউক্রেনও চলতি বছরে রাশিয়ার তেল স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে। তবে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে গত সপ্তাহে ক্রেমলিন সতর্ক করে বলেছিল, ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহতের ঘটনার জবাবে কিয়েভে ‘ধারাবাহিক হামলা’ চালানো হবে। যদিও ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করেছে।


প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিয়েভের বহুতল ভবনগুলোর ওপর বড় বড় বিস্ফোরণ ঘটছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। শহরটির মেয়র ভিটালি ক্লিচকো জানান,  রাতভর হামলায় অন্তত চারজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

ক্লিচকো জানান, একটি ২৪ তলা আবাসিক ভবনে সম্ভবত ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবনসহ আরও কয়েকটি স্থাপনায় আগুন লাগে।

তিনি বলেন, ‘ওবোলোন জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। খোলা জায়গার আরও দুটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে, যার একটি একটি কিন্ডারগার্টেনের কাছাকাছি।’


হামলার সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ও গদি সঙ্গে নিয়ে সেখানে আশ্রয় নেন। এ সময় আকাশে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতার শব্দ শোনা যাচ্ছিল।

ভোর হওয়ার পরও রাজধানীতে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .