Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ভূমিকম্পের পর ভেনেজুয়েলার পাশে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:২৬ এএম

ভূমিকম্পের পর ভেনেজুয়েলার পাশে যুক্তরাষ্ট্র

দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত  ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।  উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। 

ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। 

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।


এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈদেশিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেরেমি লিউইন জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ওয়াশিংটন।

তিনি বলেন, ‘এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের পর গুরুত্বপূর্ণ প্রথম কয়েক দিনে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা ও মানবিক সহায়তা সামগ্রীসহ প্রয়োজনীয় অন্যান্য সম্পদ পাঠাবে।’


এদিকে, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এই ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে ঈশ্বর আমাদের ভেনেজুয়েলীয় বন্ধুদের সহায় হোন। শক্ত থাকো, ভেনেজুয়েলা! আমরা তোমাদের সঙ্গে আছি।’

অন্যদিকে, বৈশ্বিক জনকূটনীতি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন জানান, কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাসের সব কর্মীর খোঁজ নেওয়া হয়েছে এবং তারা সবাই নিরাপদ আছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম