Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার্নহাম, জানা গেল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার্নহাম, জানা গেল

অ্যান্ডি বার্নহাম। ফাইল ছবি

Advertisement

যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের শেষ ধাপে লেবার পার্টির নেতৃত্বের আসনে বসলেন তিনি। 

দলের নতুন নেতা ঘোষণার পর বার্নহাম জানিয়েছেন, ব্রিটেনের নতুন ডানপন্থীদের পরাজিত করতে এবং সাধারণ মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত।

দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে টিইউসি সদর দপ্তরে দলের এক বিশেষ সম্মেলনে অ্যান্ডি বার্নহামকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হয়। 

দলের নির্বাহী কমিটির প্রধান এবং অর্থমন্ত্রী পদের অন্যতম দাবিদার শাবানা মাহমুদ এই ঘোষণা দেন। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাওয়া বার্নহামকে দলের এমপি, ট্রেড ইউনিয়ন এবং সব শাখা একযোগে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।

নেতৃত্বের ভার গ্রহণ করে এক আবেগঘন বক্তৃতায় বার্নহাম বলেন, দেশ এখন একটি নতুন রাজনীতির জন্য আকুল হয়ে আছে। তবে তিনি দলকে সতর্ক করে দিয়ে বলেন, পরিবর্তনের জন্য এটিই লেবার পার্টির শেষ সুযোগ এবং এই পরিবর্তন দলগতভাবে ঐক্যবদ্ধ হয়েই করতে হবে। 

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবদানের প্রশংসা করে তিনি বলেন, স্টারমারের নেতৃত্বেই লেবার পার্টি ইতিহাসের অন্যতম সেরা বিজয় অর্জন করতে পেরেছে। তবে দলের ভেতরের কোন্দল এড়িয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তৃতায় বার্নহাম তার ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়ে ইঙ্গিত দিয়ে বলেন, তিনি ক্ষমতাকে শুধু লন্ডন বা ওয়েস্টমিনস্টারে আটকে না রেখে স্থানীয় জনগোষ্ঠীর হাতে ফিরিয়ে দিতে চান। 

ব্যবসাবান্ধব নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সামাজিক আবাসন নির্মাণ ও গৃহহীনদের পুনর্বাসনে জোর দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে আঞ্চলিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আগামী সোমবার (২০ জুলাই) রাজা চার্লসের কাছে কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর সোমবার বিকেলেই বাকিংহাম প্যালেস থেকে আনুষ্ঠানিকভাবে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন অ্যান্ডি বার্নহাম। 

দায়িত্ব নেওয়ার পর ডাউনিং স্ট্রিটের বাইরে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন এবং তার নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম