Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ফিফা সভাপতিকে পছন্দ ট্রাম্পের!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ফিফা সভাপতিকে পছন্দ ট্রাম্পের!

মার্কিন প্রেসিডেন্ট চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করুক।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করুক। রিপাবলিকান ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।

বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে তার বর্তমান মেয়াদ। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মনে করেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইনফান্তিনোর গ্রহণযোগ্যতা এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার দক্ষতা তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য সম্ভাব্য যোগ্য প্রার্থী করে তুলতে পারে।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, ফিফা প্রধান বিশ্বজুড়ে সমাদৃত একজন ব্যক্তি এবং অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে মানুষকে একত্রিত করার অসাধারণ সক্ষমতা তার রয়েছে।

২০২৫ ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করার পর তাদের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে নাম লেখাতে ইনফান্তিনো ফিফার দায়িত্ব ছাড়তে আগ্রহী কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা করেছেন কি না, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রার্থীকে প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যদের সুপারিশ পেতে হয়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়।

এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসির নামও আলোচনায় রয়েছে।    

ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ববিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পাওলি ইনফান্তিনোর সম্ভাব্য প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। তার মতে, ফিফার মতো বড় আন্তর্জাতিক সংস্থা পরিচালনার অভিজ্ঞতা ইনফান্তিনোর নেতৃত্বগুণের প্রমাণ।

নিউইয়র্ক পোস্টকে জাম্পাওলি বলেন, ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৯৩টি, আর ফিফার অধীনে রয়েছে ২০০টিরও বেশি সদস্য অ্যাসোসিয়েশন। জিয়ান্নি অতীতে দেখিয়েছেন, তিনি কীভাবে একটি বৈশ্বিক প্রতিষ্ঠান দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন।’

তবে এই জল্পনার মধ্যেই ইনফান্তিনো ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি ফিফা সভাপতির পদে আবারও নির্বাচন করতে চান। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে সেই নির্বাচন। ইনফান্তিনোর সম্ভাব্য জাতিসংঘ প্রার্থিতা নিয়ে মন্তব্য জানতে চাইলেও ফিফার কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম