ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য হামলা হবে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ১২টির বেশি জাহাজে হাজার হাজার মার্কিন বিমান ও নৌবাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার থাকতে পারে।
এদিকে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, সেগুলোর কয়েকটি পুনর্নির্মাণের সম্ভাবনা কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

