যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিচালনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসনের দাবি জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে হেগসেথের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথ ‘চমৎকার কাজ করেছেন’।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।
এ সময় হেগসেথের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন। এর মধ্যে পেন্টাগন থেকে ‘ওয়োক’ (প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী) জেনারেলদের সরিয়ে দেওয়ার বিষয়টিও রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমি কোনো ওয়োক জেনারেল পছন্দ করি না।’
এ ছাড়া হেগসেথের অন্যান্য অর্জনের কথা তুলে ধরতে গিয়ে ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের প্রসঙ্গও টানেন তিনি। ট্রাম্পের দাবি, সেই যুদ্ধ মাত্র ৪৮ মিনিটে শেষ হয়েছিল।
ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান নামের একটি দেশের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। দেশটি খুব সুন্দর, আর গুরুত্বপূর্ণ প্রণালিগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে।’
তিনি আরও দাবি করেন, গত কয়েক মাসে কেউ নিহত হয়নি।
এদিকে ইরান যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক বাড়ছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একাংশ তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর দাবি তুলেছেন। তবে এসব সমালোচনার মধ্যেই প্রতিরক্ষামন্ত্রীর প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প।


