জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
অভিনেত্রী অতুল্যা চন্দ্র। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জরুরি চিকিৎসার দোহাই দিয়ে এক তরুণ চিকিৎসককে একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে বেধড়ক মারধর ও মোবাইল-ঘড়িসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই অভিনয়শিল্পীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতে কেরালা রাজ্যের কোচিতে এ ঘটনা ঘটেছে।খবর এনডিটিভি।
মামলা সূত্রের বরাতে পুলিশ জানিয়েছে, গত সোমবার সকালে অভিনেত্রী অতুল্যা চন্দ্র এবং অভিনেতা ও প্রযোজক বিবিন পেরুম্বিল্লি অন্য সহযোগীদের নিয়ে এক রোগীর জরুরি চিকিৎসার কথা বলে ওই চিকিৎসককে কোচির ‘এসেন স্প্রিংডেল’ নামের একটি অ্যাপার্টমেন্টে আসার অনুরোধ জানান। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক যখন সেই ফ্ল্যাটে পৌঁছান, তখন ভেতরে ১২ জন উপস্থিত ছিলেন।
আসামিরা ওই ডাক্তারের বিরুদ্ধে তাদের এক আত্মীয়কে ধর্ষণের অভিযোগ এনে মামলা দেওয়ার হুমকি দেন। এর পর বিবিন পেরুম্বিল্লি ও তার সহযোগীরা চিকিৎসককে চড় মারেন এবং একটি চেয়ারে বসিয়ে পাঁজর লক্ষ্য করে প্রচণ্ড আঘাত করেন।
মারধরের একপর্যায়ে অতুল্যা চন্দ্র ওই ডাক্তারের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোন ছিনিয়ে নেন। তিনি ডাক্তারকে হুমকি দিয়ে বলেন, ‘তুই একটা চোর, তোকে আমি মেরেই ফেলব।’
মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করেন।
পরে কোনোমতে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে কদাভান্তরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ডাক্তার। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত বাকি ৯ আসামির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। কেবল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে—তাও খতিয়ে দেখছে পুলিশ।


