বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উত্থান, নেপথ্যে যে কারণ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বুধবার (১৯ আগস্ট) মূল্যবান ধাতুটির দাম ৪ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলারের সীমা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে রুপার দামও ৫ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সরকারি বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ট্রেজারি বন্ডের সুদহার কমে যাওয়ায় স্বর্ণ ও রুপার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর ইয়েনি সাফাকের।
বুধবার ২০৩০ জিএমটি পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৫২০ ডলারে পৌঁছায়। একই সময়ে রুপার দাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৬ দশমিক ৭০ ডলারে ওঠে।
বন্ড পুনঃক্রয়ের পর বাজারে উত্থান
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, ১০ থেকে ৩০ বছর মেয়াদি নোট ও বন্ড পুনঃক্রয়ের পরিমাণ অন্তত দ্বিগুণ করা হবে। প্রতিটি পুনঃক্রয় কার্যক্রমে আগের ২ বিলিয়ন ডলারের পরিবর্তে অন্তত ৪ বিলিয়ন ডলারের সরকারি বন্ড কেনার পরিকল্পনা রয়েছে।
এ ঘোষণার পর মার্কিন সরকারি বন্ডের সুদহার দ্রুত কমে যায়। ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার কমে প্রায় ৫ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। মঙ্গলবার এটি ৫ দশমিক ৩৪ শতাংশে উঠেছিল, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ছিল। এ ছাড়া ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহারও কমেছে।
ট্রেজারি কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে তারল্য বাড়ানোই এই পুনঃক্রয় কার্যক্রমের মূল উদ্দেশ্য। বাজারে তীব্র চাপ বা সংকট মোকাবিলা করাই এর প্রধান লক্ষ্য নয়।
দুর্বল ডলার, কম সুদহারে বাড়ছে স্বর্ণের চাহিদা
বন্ডের সুদহার কমে গেলে সাধারণত স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। কারণ, স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে বন্ডের সুদহার কমলে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয়ও কমে যায়। একই সঙ্গে মার্কিন ডলারের দুর্বলতাও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে।
প্রধান কয়েকটি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য পরিমাপকারী ডলার সূচক প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৯৮ দশমিক ৭০-এ নেমেছে।
এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের জুলাই মাসের বৈঠকের কার্যবিবরণীর দিকে। এতে মূল্যস্ফীতি সম্পর্কে নীতিনির্ধারকদের মূল্যায়ন এবং ভবিষ্যতে সুদহার কোন পথে যেতে পারে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে।
ফেডের নীতিনির্ধারকদের বক্তব্যে সুদহার কমানোর সম্ভাবনার কোনো ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণ ও রুপার দামে আরও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

