Logo
Logo
×
   

আন্তর্জাতিক

২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘আব্রাহাম লিংকন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘আব্রাহাম লিংকন’

‘আব্রাহাম লিংকন’র এবারের সফরের আগে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। ছবি: সংগৃহীত

অবশেষে থাইল্যান্ডে ভিড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস ‘আব্রাহাম লিংকন’। দীর্ঘ ২৮৬ দিন সমুদ্রে থাকার পর বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছেছে রণতরীটি। 

থাই এনকোয়ারারের প্রতিবেদনে বলা হয়েছে, ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ হাজার মার্কিন নৌসেনা থাইল্যান্ডে অবস্থান করবেন। তাদের অনেকেই সমুদ্রতীরবর্তী শহর পাতায়ায় ছুটি কাটাবেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন নৌসেনাদের এই সফরকে ঘিরে পাতায়ার ব্যবসায়ীরা প্রায় ১০ কোটি থাই বাত (প্রায় ৩০ লাখ মার্কিন ডলার) পর্যন্ত ব্যবসা হওয়ার আশা করছেন। রণতরী পৌঁছানোর পর পাতায়া কর্তৃপক্ষ নাবিকদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করে।

‘আব্রাহাম লিংকন’র এবারের সফরের আগে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। প্রায় সাত মাস মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় বিভিন্ন সামরিক অভিযানে অংশ নেয় এটি।


প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’-এর আওতায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেও অংশ নেয় আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পাশাপাশি কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌ অবরোধ হিসেবে বর্ণিত একটি অভিযানে সহায়তা করে এই বহর।

মধ্যপ্রাচ্যে ‘লিংকন’র জায়গায় আসছে আরেক রণতরী

দীর্ঘদিন ধরে সমুদ্রে মোতায়েন থাকার কারণে আব্রাহাম লিংকনে থাকা মার্কিন নৌসেনাদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

গত ১৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আব্রাহাম লিংকনের জায়গায় মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রণতরীটি শিগগিরই মধ্যপ্রাচ্য ছাড়বে এবং এর জায়গায় একই ধরনের আরেকটি রণতরী মোতায়েন করা হবে। তবে এই মোতায়েন যথেষ্ট দীর্ঘ হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, মোটেও যথেষ্ট দীর্ঘ হয়নি।’


ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বনির্ধারিত রোটেশনের অংশ হিসেবে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে আব্রাহাম লিংকনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

দীর্ঘ সামরিক মোতায়েন শেষে এখন থাইল্যান্ডে কয়েকদিনের বিরতিতে রয়েছেন আব্রাহাম লিংকনের নাবিকরা। তাদের এই সফর ঘিরে পাতায়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও বাড়তি প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম