Logo
Logo
×
   

আন্তর্জাতিক

তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ

প্রতিরক্ষা খাতের প্রয়োজনের সঙ্গে মানিয়ে নিতে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং এক্সএআই-এর গ্রোকের কাস্টম সংস্করণ চালু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মূল দপ্তর পেন্টাগন। খবর সামা টিভির। 

এর মাধ্যমে দেশটির মিলিশিয়া ও বেসামরিক লাখ লাখ কর্মী বিশেষ জেনারেটিভ এআই টুলস ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের কেন্দ্রীয় ও নিরাপদ এআই প্ল্যাটফর্ম ‘জেনএআই.মিল’-এ নতুন এই সেবাগুলো যুক্ত করা হয়েছে। 

পেন্টাগন জানিয়েছে, সংবেদনশীল সরকারি তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে এবং কর্মীরা যাতে নিরাপদে উন্নত এআই সিস্টেম ব্যবহার করতে পারেন, সেজন্যই এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। 

বর্তমানে পেন্টাগনের প্রায় ৩০ লাখ সামরিক ও বেসামরিক কর্মীর মধ্যে ১৭ লাখেরও বেশি ব্যবহারকারী ইতোমধ্যে জেনএআই.মিল প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। প্ল্যাটফর্মটিতে প্রথমে গুগলের জেমিনি ব্যবহারের সুযোগ ছিল, তবে নিরাপত্তা বজায় রেখে প্রশাসনিক ও অপারেশনাল কাজ আরও দ্রুতগতির করতে এখন অন্যান্য এআই সিস্টেমও যুক্ত করা হচ্ছে। 

ওপেনএআই-এর সরকারি প্রোগ্রামের আওতায় তৈরি ‘জেনএআই.মিল’-এ সাধারণ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের পরিচিত সব ফিচারের পাশাপাশি ফাইল হ্যান্ডলিং এবং কাস্টম জিপিটি ব্যবহারের সুযোগ রয়েছে। পেন্টাগন জানিয়েছে, এই সিস্টেমটি প্রশাসন, লজিস্টিকস, পরিকল্পনা এবং পলিসি-সংক্রান্ত নানা রুটিন কাজের নথিপত্র ব্যবস্থাপনায় সহায়তা করবে।

অন্যদিকে, পেন্টাগন ‘গ্রোক ফর গভর্নমেন্ট’-কে আরও বিস্তৃত অপারেশনাল কাজের উপযোগী হিসেবে বর্ণনা করেছে। সামরিক কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতায় এই এআই মডেলটি সহায়তা করতে পারে বলে জানানো হয়েছে। ডিপার্টমেন্টের তথ্যমতে, বাজার গবেষণা থেকে শুরু করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পর্যন্ত বিভিন্ন কাজে গ্রোক ব্যবহার করা যাবে। 

তবে এই সম্প্রসারণের ফলে পেন্টাগনের সঙ্গে এনথ্রপিক-এর টানাপোড়েন বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে, কারণ তাদের তৈরি ‘ক্লড’ এআই মডেলটি পেন্টাগনের এই নতুন তালিকায় স্থান পায়নি। 

এর আগে সামরিক ক্ষেত্রে অবাধ ব্যবহারের দাবি মানতে অস্বীকৃতি জানানো এবং নিজস্ব নিরাপত্তা সুরক্ষা বজায় রাখার পক্ষে অনড় থাকায় এনথ্রপিককে সাপ্লাই-চেইন ঝুঁকি হিসেবে ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। এর পরিবর্তে আমাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট, এনভিডিয়া ও রিফ্লেকশন এআই-এর সঙ্গে অংশীদারিত্ব বাড়িয়েছে পেন্টাগন।

নিরাপত্তা ও অপারেশনাল সুরক্ষার পাশাপাশি প্রতিরক্ষা কার্যক্রমে জেনারেটিভ এআই-এর ব্যবহার দ্রুত বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই পেন্টাগনের এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম