Logo
Logo
×
   

আন্তর্জাতিক

মোদিকে ‘চোরের সর্দার’ বলায় মামলা, রাহুলের আবেদন নাকচ হাইকোর্টের

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম

মোদিকে ‘চোরের সর্দার’ বলায় মামলা, রাহুলের আবেদন নাকচ হাইকোর্টের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চোরের সর্দার’ বলে মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলায় জারি করা সমন খারিজ করতে অস্বীকৃতি জানিয়েছে বোম্বে হাইকোর্ট। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আদালত রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দেয়। তবে একই সঙ্গে নিম্ন আদালতে মামলার শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ বহাল রাখা হয়েছে।

বিচারপতি এন আর বোরকরের একক বেঞ্চ রাহুল গান্ধীর আবেদন খারিজ করে জানায়, ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্ধান্তে কোনো ধরনের আইনবিরুদ্ধতা বা ত্রুটি পাওয়া যায়নি। ফলে ওই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনো কারণ নেই।

আদালত বলেছে, ম্যাজিস্ট্রেটের আদেশে কোনো ত্রুটি নেই। তাই রাহুল গান্ধীর আবেদন খারিজ করা হলো। তবে ২০২১ সালে দেওয়া হাইকোর্টের নির্দেশ বহাল থাকায় আগামী ছয় সপ্তাহ নিম্ন আদালতে ওই মানহানি মামলার শুনানি করা যাবে না।

এই সময়ের মধ্যে রাহুল গান্ধী চাইলে হাইকোর্টের মঙ্গলবারের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। ফলে আপাতত তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হচ্ছে না।

মামলার সূত্রপাত মূলত ২০১৮ সালে। রাজস্থানের এক জনসভায় রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী তাকে ‘চোরের সর্দার’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের মন্তব্য করেন তিনি।

এরপর বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করা এম এইচ শ্রীশ্রীমাল নামে এক ব্যক্তি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, রাহুলের মন্তব্য শুধু প্রধানমন্ত্রীকেই না, তার সঙ্গে যুক্ত বিজেপির সদস্য এবং ভারতের নাগরিকদেরও অপমান করেছে।

২০১৯ সালের ২৮ আগস্ট গিরগাঁওয়ের ম্যাজিস্ট্রেট আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলায় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা।   

রাহুলের আইনজীবী সুদীপ পাসবোলা ও কুশল মোর আদালতে দাবি করেন, মামলাটি ভিত্তিহীন। অভিযোগকারী নিজে ক্ষতিগ্রস্ত ব্যক্তি নন। ফলে তার এ ধরনের মানহানির মামলা করার আইনগত অধিকারও নেই।

অন্যদিকে অভিযোগকারী পক্ষ রাহুলের আবেদন খারিজের পক্ষে যুক্তি উপস্থাপন করে। তাদের দাবি, জনসভায় দেওয়া বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সরাসরি চুরির সঙ্গে যুক্ত করা হয়েছিল।

২০২১ সালের নভেম্বরে বোম্বে হাইকোর্ট ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি ছয় সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। এর ফলে রাহুল গান্ধীকে নিম্ন আদালতে হাজির হওয়ার প্রয়োজন হয়নি।

মঙ্গলবারের রায়ে হাইকোর্ট সমন খারিজ না করলেও আপাতত সেই সুরক্ষা বহাল রেখেছে। ফলে দীর্ঘদিন ধরে চলা এই মানহানি মামলায় রাহুল গান্ধীর আইনি লড়াই এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম