মোদিকে পেজেশকিয়ানের বার্তা
যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান চায় তেহরান
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
ব্রিকস সম্মেলনের আগে ভারতের নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে নৌপথে চলাচলের স্বাধীনতা ও বাণিজ্য সুরক্ষার পাশাপাশি নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস নেতাদের সম্মেলনের এক দিন আগে এ বৈঠক হয়। এমন এক সময়ে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যখন ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে আগস্টের বড় একটি সময় লড়াইয়ে বিরতির পর দুদেশ আবারও পালটা পালটি হামলা শুরু করেছে।
এই সংঘাতের মধ্যে ভারতকে বেশ সতর্কতার সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে ভারতের রয়েছে শক্তিশালী কৌশলগত সম্পর্ক এবং আরব দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। এসব আরব দেশে ভারতের লাখ লাখ নাগরিক বসবাস ও কাজ করেন।
এদিকে এ অঞ্চলের নৌপথে চলাচলকারী জাহাজে হামলার কারণে ভারত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় অন্তত ১০ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী মোদি ভারতের ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, সব সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দিয়েছেন। একই সঙ্গে নৌপথে চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার কথাও বলেছেন।
দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই নেতার বৈঠক হলো। এর আগে গত ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়েছিল। সে সময় পেজেশকিয়ান মোদিকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের একটি আলোচনার মাধ্যমে সমাধান চায় তেহরান।
এর আগে ভারত উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো, ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামো এবং জাহাজে ইরানের হামলার নিন্দা জানিয়েছে। এসব হামলায় জাহাজের কয়েকজন ক্রু নিহত হয়েছেন। তবে বিশকেক সম্মেলনে আকস্মিক এক পদক্ষেপে ভারত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে।
শুক্রবার ব্রিকস বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময়ও মোদি নৌপথের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে ছিলেন।
মোদি বলেন, সমুদ্রপথ নিরাপদ, সরবরাহের রুটগুলো উন্মুক্ত এবং নাবিকেরা নিরাপদ থাকলেই বৈশ্বিক বাণিজ্য এগিয়ে যেতে পারে।
একই অনুষ্ঠানে পেজেশকিয়ান ব্রিকস জোটের প্রতি এমন একটি পরিবেশ তৈরির আহ্বান জানান, যেখানে কোনো দেশ অন্য দেশের ‘বৈধ বাণিজ্য’ বাধাগ্রস্ত করতে না পারে।
তিনি বলেন, বর্তমানে বিশ্ব সবচেয়ে জটিল সময়গুলোর একটির মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য অর্থনৈতিক উপকরণের ক্রমবর্ধমান ব্যবহার অন্য দেশগুলোর বৈধ বাণিজ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
তথ্যসূত্র: রয়টার্স

