Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

১৬ বছরের কম বয়সিদের সামাজিক মাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

১৬ বছরের কম বয়সিদের সামাজিক মাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ

ফাইল ছবি

Advertisement

শিশুদের প্রযুক্তিনির্ভর ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ চালু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম দুটি গুরুত্বপূর্ণ আইনসহ মোট ১৩টি বিলে স্বাক্ষর করেছেন। নতুন আইনে ১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের আচরণগতভাবে আসক্তি তৈরি করে এমন কিছু ফিচারের সংস্পর্শে আসা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এআই-চ্যাটবটযুক্ত খেলনা তৈরি ও বিক্রির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিউজমের কার্যালয় জানিয়েছে, তরুণদের প্রযুক্তিজনিত ঝুঁকি কমানো এবং অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা জোরদার করতেই এসব আইন করা হয়েছে। নতুন বিধানগুলোর মধ্যে শিশু যৌন নির্যাতনের উপকরণসংক্রান্ত আইনের পরিধিও বাড়ানো হয়েছে। এখন ১৮ বছরের কম বয়সি কাউকে যৌন কর্মকাণ্ডে জড়িত দেখানো যেকোনো এআই-নির্মিত কনটেন্টও ওই আইনের আওতায় পড়বে।

আরেকটি আইনে আগামী চার বছর এআই-চ্যাটবটযুক্ত ‘কম্প্যানিয়ন’ খেলনা তৈরি ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট আরেকটি আইনে চ্যাটবট প্রোগ্রামে অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিভিন্ন নিরাপত্তা ও ঝুঁকি মূল্যায়নের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত আইনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাডামস ল’। ১৬ বছর বয়সি অ্যাডাম রেইনের স্মরণে এ নাম রাখা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যা করেন অ্যাডাম। তার বাবা-মায়ের দাবি, আত্মহত্যার চিন্তা নিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে কয়েক মাসের আলোচনার পর তিনি এমন সিদ্ধান্ত নেন।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন চললে সুরক্ষা ব্যবস্থা ‘কম নির্ভরযোগ্য’ হয়ে পড়েছিল বলেও প্রতিষ্ঠানটি স্বীকার করেছে।

নিউজম বলেন, আমরা চাই আমাদের শিশুরা এবং ক্যালিফোর্নিয়ার প্রতিটি শিশু এমন একটি বিশ্বে বেড়ে উঠুক, যেখানে প্রযুক্তি তাদের কল্যাণে কাজ করবে, তাদের দুর্বলতাকে কাজে লাগাবে না।

গুগল, মেটা ও স্ন্যাপের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আবাসস্থল ক্যালিফোর্নিয়া এখন শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপকারী যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত হলো। তবে আইনটির সমালোচনাও হয়েছে। 

ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন এটিকে তরুণদের ইন্টারনেট ব্যবহারে অপ্রয়োজনীয় বিধিনিষেধ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

নতুন আইনে ১৬ বছরের কম বয়সিদের জন্য ‘মনস্তাত্ত্বিকভাবে শোষণমূলক’ ফিচার নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অসীম স্ক্রলিং ফিড, অ্যালগরিদমনির্ভর স্বয়ংক্রিয় ভিডিও চালু এবং ভবিষ্যৎ বিধিমালায় নির্ধারিত অন্যান্য ফিচার। 

ক্যালিফোর্নিয়ার এই পদক্ষেপের আগে ইউটাহসহ আরকানসাস, লুইজিয়ানা, ওহাইও, টেক্সাস, ফ্লোরিডা ও নিউইয়র্কও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন করেছে।

তথ্যসূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম