এবার মামদানিকে গ্রেফতারের দাবি ইসরাইলি রাষ্ট্রদূতের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও জাতিসংঘে নিযুক্ত দখলদার ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘে নিযুক্ত দখলদার ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন। আগামী সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের আগে তিনি মামদানিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান বলে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের আইনি সুযোগ আছে কিনা, শহরের আইন বিভাগ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছিলেন মামদানি। তবে তার এমন বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে ‘কোনোভাবেই’ গ্রেফতার করা হবে না।
এ প্রসঙ্গে ড্যানন বলেন, তিনি (মামদানি) প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহু) গ্রেফতার করতে পারেন বা তাকে গ্রেফতার করা উচিত- মামদানির এমন দাবি হাস্যকর।
ইসরাইলের এই রাষ্ট্রদূত আরও বলেন, কাউকে যদি গ্রেফতার করতেই তাহলে মামদানিকে করা উচিত, সাধারণ মানুষকে উসকানি দেওয়া এবং যুক্তরাষ্ট্রের শত্রুর সঙ্গে সহযোগিতা করার জন্য।
মামদানির আন্তর্জাতিক বিষয়ক কমিশনারের একটি উদ্যোগের কথাও উল্লেখ করেন ড্যানন। তার অভিযোগ, ওই কর্মকর্তা জুলাই মাসে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। ড্যাননের ভাষায়, তিনি (মামদানি) এখানকার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে কর্মকর্তাদের পাঠান।
তিনি আরও বলেন, আমি আশা করি, তিনি (মামদানি) বুঝতে পারবেন যে, তার দায়িত্ব মানুষকে বিক্ষোভে ডাক দেওয়া নয়; বরং শহরের দেখভাল করা এবং নিশ্চিত করা যে আগামী সপ্তাহটি সারা বিশ্ব থেকে আসা হাজারো মানুষের জন্য শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে কার্যকর থাকে।
আগামী বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের পরিকল্পনা নিয়ে এক সাংবাদিক রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন। জবাবে ৫৫ বছর বয়সি এই রাষ্ট্রদূত মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগ তোলেন।
ড্যানন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গর্বের সঙ্গে সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। নিউইয়র্কের মেয়রের কাছ থেকে আমরা যে হুমকি, উসকানি ও ইহুদিবিদ্বেষী বক্তব্য শুনেছি, সেসব সত্ত্বেও তিনি তা করবেন।
তিনি আরও বলেন, মেয়রের দায়িত্ব হলো যানজট ও অন্যান্য সমস্যা কমিয়ে একটি শান্তিপূর্ণ সপ্তাহ নিশ্চিত করা। কিন্তু তিনি ঠিক এর বিপরীতটাই করছেন। তিনি উসকানি দিচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছেন। তবে এসবের কোনোটিই আমাদের থামাতে পারবে না।
মামদানি জুলাইয়ে বলেছিলেন, যুদ্ধাপরাধের অভিযোগে আগামী সেপ্টেম্বরে সফরের সময় নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য তিনি আইনি কোনো ফাঁকফোকর খুঁজছেন। এর পরই ড্যাননের এসব মন্তব্য এল।
ফিলিস্তিনপন্থি সমাজতান্ত্রিক রাজনীতিক মামদানি দখলদার ইসরাইলের কড়া সমালোচক। ২০২৫ সালের শেষ দিকে মেয়র নির্বাচনের প্রচারণার সময় তিনি নেতানিয়াহুকে গ্রেফতারের পক্ষে জোরালো প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাম্প্রতিক মাসগুলোতেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বারবার সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।


