৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে অবিলম্বে ৩ লাখ টন ডিজেল সরবরাহে রাজি হয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর এ বিষয়ে সম্মতি পেয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। সিবিএস নিউজ জানিয়েছে, আগামী কয়েক মাসে আরও কয়েক দফায় বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করবে মস্কো।
ট্রাম্প জানান, রাশিয়া অবিলম্বে ৩ লাখ টন ডিজেল দেবে। নভেম্বরে আরও ৫ লাখ টন এবং ডিসেম্বরে ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। এ ছাড়া রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে অল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হতে পারে বলে জানান তিনি।
এদিকে, একই দিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এর লক্ষ্য বিশ্ববাজারে রাশিয়ার ডিজেল সরবরাহের সুযোগ তৈরি করা।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহে রাশিয়া প্রস্তুত। এতে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন পুতিন। দুই নেতার ফোনালাপে ইউক্রেন যুদ্ধের সমাধানের সম্ভাবনা, ইরান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।
তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা দুর্বলতার পরিচয়। তার মতে, রাশিয়াকে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির সুযোগ দেওয়া মানে এমন একটি যুদ্ধে অর্থ জোগানো, যে যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন।
ইরানকে ঘিরে যুদ্ধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়েছে। দেশটির অটোমোবাইল সংস্থা এএএ-এর তথ্য অনুযায়ী, প্রতি গ্যালন ডিজেলের গড় দাম দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ ডলার। এক মাস আগে এ দাম ছিল ৫ দশমিক ৯৪ ডলার এবং এক বছর আগে ছিল ৩ দশমিক ৬৮ ডলার।
ট্রাক পরিবহন, কৃষি ও নির্মাণ খাতে ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে এ জ্বালানির দাম বাড়লে পণ্য উৎপাদন ও পরিবহন ব্যয়ও বেড়ে যায়।

