পোল্যান্ডে স্থায়ী মার্কিন সেনাঘাঁটি স্থাপনে এগোচ্ছে যুক্তরাষ্ট্র
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
|
ফলো করুন |
|
|---|---|
পোল্যান্ডে একটি মার্কিন সেনাঘাঁটি স্থাপনের বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উদ্যোগের জন্য তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির ‘সাহসী নেতৃত্বের’ প্রশংসা করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি বাস্তবায়িত হলে খুব শিগগিরই ঘাঁটির অবস্থান ঘোষণা করা হবে। এটি আমাদের মহান মার্কিন-পোলিশ জোটের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে।’
২০২২ সালে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে মিত্র দেশগুলোর সামরিক উপস্থিতি আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছে পোল্যান্ড।
গত জুনে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছিলেন, দেশটিতে স্থায়ী মার্কিন সামরিক উপস্থিতি রাখার পোল্যান্ডের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আগ্রহ দেখিয়েছে। তবে সে সময় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জুনে ব্রাসেলসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী। ওই বৈঠকে হেগসেথ ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে নতুন করে পর্যালোচনা শুরুর ঘোষণা দেন।
বর্তমানে পোল্যান্ডে মার্কিন সেনারা স্থায়ী ঘাঁটির পরিবর্তে ঘূর্ণায়মান ব্যবস্থায় দায়িত্ব পালন করছেন। নতুন ঘাঁটি স্থাপিত হলে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ধরন ও পরিসরে পরিবর্তন আসতে পারে।

