শিশু যৌন নিপীড়ন প্রতিরোধে নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শিশু যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু (সিএসএম) শনাক্ত হলে তা সরাসরি ভারতীয় কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে গুগল। সোমবার কোম্পানিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গুগলসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই ধরনের কটেন্টের রিপোর্ট যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’-এর কাছে পাঠাত। পরে সংস্থাটি সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট পৌঁছে দিত।
রয়র্টাসের প্রতিবেদনে বলা হয়েছে, রিপোর্ট পৌঁছাতে সময় লাগার বিষয়টি উদ্বেগ জানিয়ে সাম্প্রতিক সময়ে ভারত সরকার গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করে। বিশেষ করে কোনো শিশু তাৎক্ষণিক ঝুঁকিতে থাকলে এই বিলম্বের কারণে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে বলে কর্মকর্তারা মনে করেন।
গুগলের এক মুখপাত্র জানান, শিশু যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু শনাক্ত, প্রতিরোধ, অপসারণ ও রিপোর্ট করা ক্ষেত্রে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করে। ভারত সরকারের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল মেটা। ফেসবুক ও ইউটিউব-দুটিরই বড় বাজার ভারত হওয়ায় দেশটিতে শিশু সুরক্ষা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ছে।
বিশ্বজুড়ে শিশু যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু একটি বড় সমস্যা হয়ে উঠেছে। ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’ পরিচালিত সাইবার টিপলাইন ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশু যৌন শোষণের সন্দেহভাজন ঘটনা নিয়ে দুই কোটি ১৩ লাখের বেশি রিপোর্ট পেয়েছে।
তবে এখনো অধিকাংশ দেশ এ ধরনের রিপোর্ট ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন’র মাধ্যমেই গ্রহণ করে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শনাক্তকরণ ও রিপোর্টিং প্রক্রিয়া আরও দ্রুত করার আহ্বান জানিয়ে আসছেন বিভিন্ন দেশের প্রযুক্তি ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা।

