ট্রাম্পকে ‘তেলেগু সিনেমার ক্লিপ দিয়ে ইরানের দূতাবাসের পাল্টা ‘জবাব’
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানকে ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এবার তেলেগু সিনেমার দৃশ্য ব্যবহার করে পালটা ব্যঙ্গ করল জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস। তেলেগু অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণের জনপ্রিয় অ্যাকশন সিনেমার ‘ভগবাণ্থ কেশরী’র একটি দৃশ্য ব্যবহার করে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভিডিও পোস্ট করেছে দূতাবাসটি।
ট্রাম্পকে নিয়ে ইরানের ‘সিনেম্যাটিক’ জবাব
৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বালাকৃষ্ণের চরিত্র একদল সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হয়েছেন। এপর্যায়ে চারদিক থেকে গুলি ছোড়া হলেও তিনি ম্যানহোলের ঢাকনা একটি বস্তু ঢাল হিসেবে ব্যবহার করেন। পরে একটি বন্দুক হাতে নিলেও সেটি দিয়ে গুলি না করে আক্রমণকারীদের দিকে বড় গ্যাস সিলিন্ডার ছুড়ে দেন।
ভিডিওটির সঙ্গে ইরানি দূতবাস লিখেছেন, ট্রাম্প ইরানকে ধ্বংস করার কথা বলছেন, কিন্তু তিনি জানেন ইরান অরক্ষিত নয়। পোস্টে আরও ব্যঙ্গ করে বলা হয়, ইরান নাকি সম্প্রতি হলিউডের পরিবর্তে বলিউড দেখছে।
ইরানি দূতাবাসের পোস্টে ‘বলিউড’-এর উল্লেখ থাকলেও ভিডিওটি আসলে তেলেগু ভাষার অ্যাকশন সিনেমা। ফলে পোস্টটি প্রকাশের পর সিনেমাটি বলিউডের নাকি তেলেগু ইন্ডাস্ট্রি-এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
কী বলেছিলেন ট্রাম্প?
ইরানি দূতাবাসের এই পোস্টের একদিন আগে, ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ভাষণে ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, তার সামনে বড় সিদ্ধান্ত রয়েছে-ইরানের সঙ্গে চুক্তি হবে, নাকি ইসলামি প্রজাতন্ত্রকে ‘ধ্বংস’ করা হবে। একই সঙ্গে তিনি আবারও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানি দূতাবাস সিনেমার দৃশ্য ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যাঙ্গাত্মক বার্তা দেয়।

