|
ফলো করুন |
|
|---|---|
ব্রিটিশ রাজ পরিবারের সদস্য এবং বর্তমান ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন। চমৎকার ফ্যাশন-সচেতনতার কারণে সম্প্রতি একটি লালগালিচা অনুষ্ঠানে ব্যাপক প্রশংসিত হয়েছেন কেট। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে প্রয়াত প্রিন্সেস ডায়ানার তুলনা করেছেন রাজপরিবার বিষয়ক ভাষ্যকার রিচার্ড জবসন।
হ্যালো ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জবসন বলেন, ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মধ্যে ডায়ানার পর কেটই এমন এক পর্যায়ের দৃশ্যমানতা অর্জন করেছেন, যা খুব কমই দেখা গেছে।
সম্প্রতি একটি লালগালিচা অনুষ্ঠানে কেটের উপস্থিতির কথা তুলে ধরেন জবসন। ওই অনুষ্ঠানে তিনি প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত কিছু গয়না পরেছিলেন।
জবসন বলেন, ‘সেখানে তিনি ডায়ানার গয়নায় সজ্জিত হয়ে হাজির হয়েছিলেন। দেখতে অসাধারণ লাগছিল। যেন লালগালিচার রানি। ডায়ানার পর রাজপরিবারে আর কাউকে এতটা আলোচিত ও দৃশ্যমান হতে দেখা যায়নি।’
কেটের ফ্যাশনবোধেরও প্রশংসা করেন জবসন। তার মতে, পোশাক শুধু দৃষ্টিনন্দন হওয়ার বিষয় নয়, এর মাধ্যমে একটি বার্তাও দেওয়া যায়। আর এ বিষয়টি কেট ভালোভাবেই বোঝেন।
জবসনের ভাষায়, ‘তিনি জানেন কীভাবে আকর্ষণীয় পোশাক পরতে হয়। একই সঙ্গে পোশাকের মাধ্যমে কী বার্তা দিতে হয়, সেটিও তিনি বোঝেন।’
পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া ব্রিটিশ রাজপরিবারে কেটের উপস্থিতি ও জনসম্মুখে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন জবসন।
তিনি বলেন, ‘গ্ল্যামার একজন রাজকুমারীর ভূমিকারই অংশ। আর কঠিন এক সময়ের মধ্য দিয়ে রাজপরিবারকে এগিয়ে নিতে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জবসনের মতে, কেট এখন শুধু দায়িত্ব পালনের জন্য নয়, বরং নিজের ভূমিকাকে স্বতঃস্ফূর্তভাবেই গ্রহণ করছেন।
তিনি বলেন, ‘তিনি সত্যিই মুকুটের একটি রত্ন। আমার মনে হয়, তিনি এখন পুরো বিষয়টিকে নিজের মতো করে গ্রহণ করছেন, শুধু দায়িত্ব বলে পালন করছেন না।’
রাজপরিবারের বিভিন্ন বিতর্কে জড়িয়ে না পড়ে কেট বরং নিজের পরিবার ও স্থিতিশীলতার দিকেই বেশি মনোযোগী, এমন মন্তব্যও করেছেন জবসন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, ক্যাথরিন শুধু তার স্বামী ও সন্তানদের জন্য স্থিতিশীলতা চান।’
প্রিন্সেস অব ওয়েলস কেটের সঙ্গে প্রিন্স উইলিয়ামের বিয়ে হয়েছে। উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী। এই দম্পতির তিন সন্তান—প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট ও প্রিন্স লুই।
সূত্র: সামা টিভি


